রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে বিএনপিদলীয় মেয়র পদে প্রার্থী বাছাইয়ের বৈঠকে গত শুক্রবার রাতে নেতা-কর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করার প্রতিবাদে ওই বৈঠকে তানোর পৌর বিএনপির সভাপতি বিশ্বনাথ সরকার অব্যাহতি নেন। এরপর আর বৈঠকে প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তানোর পৌরসভার বিএনপিদলীয় মেয়র পদে প্রার্থী বাছাইয়ের জন্য শুক্রবার সন্ধ্যায় তানোর ডাকবাংলো চত্বরে বৈঠক আহ্বান করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সাংসদ এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। ওই বৈঠকে তিনি মেয়র পদে নির্বাচন করতে আগ্রহীদের নাম চান। এ সময় চারজনের নাম প্রস্তাব করা হয়। এঁরা হলেন বর্তমান মেয়র ফিরোজ সরকার, পৌরসভা বিএনপির সভাপতি বিশ্বনাথ সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি মুনসুর রহমান ও উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান।
এরপর এই চারজনের মধ্যে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা ঠিক করার জন্য পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মিলে মোট ২৭ জনের লিখিত মতামত চাওয়া হয়। পৌর বিএনপির সভাপতি বিশ্বনাথ সরকার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তিনি বলেন, এই কয়েকজন নেতার সমন্বয়ে গঠিত কমিটির মতামত কখনোই তৃণমূলের মতামত হতে পারে না। তিনি দাবি করেন, এর সঙ্গে পৌর কমিটির ১০১ সদস্যেরও মতামত নিতে হবে। তিনি কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে হট্টগোল শুরু হয়ে যায়। ব্যারিস্টার আমিনুল হক সবাইকে শান্ত করেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরিয়তউল্লাহ দাঁড়িয়ে আমিনুল হকের সিদ্ধান্তের পক্ষে বক্তব্য শুরু করলে বিশ্বনাথের সমর্থকেরা আবার হট্টগোল শুরু করেন। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। শেষ পর্যন্ত বৈঠক পণ্ড হয়ে যায়।
এ ব্যাপারে তানোর পৌরসভা বিএনপির সভাপতি বিশ্বনাথ সরকার বলেন, তিনি সবার সামনে দলের পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি শুরু করেছিলেন। এখন এই পরিস্থিতিতে তিনি আর দলের কোনো দায়িত্বে থাকতে চান না। এখন পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হয়ে থাকবেন। তিনি বলেন, মাত্র কয়েকজন নেতার মতামতে তৃণমূলের মতামতের প্রতিফলন ঘটে না। জনগণের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পেরে তিনি অব্যাহতি নিয়েছেন। রাত নয়টার দিকে তিনি বৈঠক থেকে বেরিয়ে আসেন। পরে ব্যারিস্টার আমিনুল হক তাঁর গাড়িতে তুলে তাঁকে নিয়ে রাজশাহীতে আসেন। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসেননি।
এ ব্যাপারে ব্যারিস্টার আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপজেলা বিএনপির সভাপতি এমরান আলী মোল্লা বলেন, চারজনের নাম দলের কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। চারজনের মধ্য থেকে কেন্দ্র একজনকে মনোনয়ন দেবে।
ওই বৈঠকে অন্যদের মধ্যে গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি ইসাহাক আলী, তানোর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদের আলী, বাধাইড় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান মোমিনুল হক, তালন্দ ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান হান্নান উপস্থিত ছিলেন।