বিএনপির প্রার্থী মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থী মনোনীত হচ্ছেন মঞ্জুর হোসেন। গতকাল সোমবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর মধ্য দিয়ে বিএনপির প্রার্থী নিয়ে সংকট নিরসন হলো।
মঞ্জুর হোসেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সরিকল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। এক প্রতিক্রিয়ায় মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, তিনি বিনা চ্যালেঞ্জে কাউকে নির্বাচনের মাঠ ছেড়ে দেবেন না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তাঁর বিজয় সুনিশ্চিত।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চূড়ান্ত করতে গতকাল বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। এতে মনোনয়ন বোর্ডের ১৩ জন সদস্যের মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. মেজবা উদ্দিন ফরহাদ। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গাজী কামরুল ইসলাম, গৌরনদী বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন মিয়া প্রমুখ।
গাজী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে।
গত বছরের ১৯ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম খানের মৃত্যুতে পদটি শূন্য ঘোষিত হয়। তফসিল অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৬ মার্চ ভোট গ্রহণ করা হবে।