বিএনপির প্রার্থী মাঠে নামতে পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার করিমুল্লাহবাগ, নতুন জুরাইন আলমবাগ ও পশ্চিম জুরাইন এলাকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড। এখানে বড় দুই রাজনৈতিক দলেরই বিদ্রোহী প্রার্থী আছেন। তবে তাঁরা নিজেদের স্বতন্ত্র প্রার্থী বলে দাবি করছেন।
নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি থাকলেও এখনো মাঠে নামতে পারেননি বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. মোজাম্মেল হোসেন। তাঁর বিরুদ্ধে মামলা আছে। মোজাম্মেলের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন সরাসরি বাধা না দিলেও পুলিশ দিয়ে হয়রানি করছে।
আওয়ামী লীগ থেকে এখানে সমর্থন পেয়েছেন শরীফ মো. আলমগীর (টিফিন ক্যারিয়ার)। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়াও নির্বাচন করছেন স্থানীয় সাংসদ সানজীদা খানমের কর্মী হিসেবে পরিচিত মো. মাসুদ (লাটিম) ও ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ মনির হোসেন (কাঁটা চামচ)। স্থানীয়ভাবে দুজনেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলে পরিচিত। তবে তাঁরা বলছেন, দলের সমর্থন তাঁরা চাননি। সেই হিসেবে স্বতন্ত্র।
মনির বললেন, ‘আমি দলের নিবেদিত কর্মী। তবে আমার টাকা নাই। আর টাকা ছাড়া নমিনেশন পাওয়া যায় না। তাই আমি নিজেই দলের সমর্থন চাইনি।’
বিএনপি-সমর্থিত মোজাম্মেলের (ঠেলাগাড়ি) দাবি, তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থী তোফায়েল আহমেদ (রেডিও) বললেন, দীর্ঘদিন ধরে এখানে কমিটি নেই। তিনি বিলুপ্ত ওয়ার্ড কমিটির সভাপতি। তোফায়েল প্রথমে এই প্রতিবেদকের কাছে নিজেকে দলের মূল প্রার্থী দাবি করেন। অবশ্য পরে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করতে অনুরোধ করেন তিনি।
ওয়ার্ডের অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টি-সমর্থিত মো. ইব্রাহীম মোল্লা (ঘুড়ি), আলপনা শিকদার ও হাসমত উল্লাহ। তবে আলপনা ও হাসমত প্রচারণা চালাচ্ছেন না।
পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির প্রার্থী: বিএনপির মাজাম্মেল হোসেন ছয় মামলার আসামি। পুলিশি হয়রানির ভয়ে তিনি প্রকাশ্যে প্রচারণা চালাতে পারছেন না। গতকাল বিকেলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের লোকজন নিজেরা প্রচারণায় বাধা দিচ্ছে না। তবে পুলিশ দিয়ে হয়রানি করছে। গভীর রাতে আমার পোস্টারও ছিঁড়ে ফেলছে।’
বিএনপির বিদ্রোহী প্রার্থী তোফায়েলও মামলার আসামি। তিনিও পুলিশি হয়রানির ভয়ে এলাকায় স্বশরীরে প্রচার চালাতে পারছেন না। তাঁর অভিযোগ, ‘পুলিশে খুব ডিস্টার্ব করতেছে। সেদিন আমার এক কর্মীকে মামলা না থাকা সত্ত্বেও ধরে নিয়ে গেছে।’ তোফায়েল বলেন, তিনি যে এলাকায় (আলমবাগ) থাকেন, সেখানে ভোটারসংখ্যা ১৫ হাজার। এই এলাকার আর কোনো প্রার্থী নেই। ফলে সব প্রার্থীই তাঁকে বাধা দিচ্ছেন। দল সমর্থন না দেওয়ায় ক্ষুব্ধ এই প্রার্থী বললেন, ‘৩৫ বছর ধরে দল করি। দুই বছর আগেও স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে যাচাই-বাছাই করে আমাকেই সমর্থন দেওয়া হয়। তবে এখন কেন দেওয়া হলো না জানি না।’
প্রচারণায় বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করলেন অপর দুই প্রার্থীও। ইব্রাহীম মোল্লার দিকে ইঙ্গিত করে মো. মাসুদ বললেন, ‘আমার লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমার স্টিকারের ওপর তাঁর (ইব্রাহীমের) স্টিকার লাগাচ্ছে।’ আর ইব্রাহীমের দাবি, তাঁর স্টিকারের ওপর মাসুদের স্টিকার যে লাগানো হচ্ছে, তার প্রমাণ তাঁর কাছে আছে। প্রচারণায় ব্যস্ত থাকায় আওয়ামী লীগের প্রার্থী আলমগীরের সঙ্গে কথা বলা যায়নি। তবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আনোয়ার মনে করেন, আওয়ামী লীগপন্থী দুই স্বতন্ত্র প্রার্থী থাকলেও কোনো সমস্যা হবে না। আলমগীরের নির্বাচনী কার্যালয়ে বসে তিনি বললেন, ‘তাঁরা (স্বতন্ত্র প্রার্থীরা) আওয়ামী লীগের কেউ না।’
সমস্যার শেষ নেই যেখানে: পোস্তগোলা ব্রিজের পাশ দিয়ে করিমুল্লাহবাগ যেতেই মূল সড়কের ওপর পাওয়া গেল ময়লার ভাগাড়। সামনে এগোতেই শ্যামপুর থানার সামনে চোখে পড়ল, যততত্র বাস ট্রাক রাখা। এ জন্য যানজট লেগেছে।
এলাকার রাস্তার অবস্থাও করুণ। কুরিমুল্লাহবাগ থেকে ফরিদাবাগ পর্যন্ত পুরো সড়কই ভাঙাচোরা। স্থানীয় শামছু মিয়া বললেন, ‘এই রাস্তা দিয়ে রোগী নিলে হাসপাতালে নেওয়ার আগেই মারা যাবেন।’
এলাকাবাসী জানান, বৃষ্টি হলেই এখানকার সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। নর্দমা-ব্যবস্থা উন্নত ও নিয়মিত পরিষ্কার না হওয়ায় এমনটা হচ্ছে। এখানে নেই কোনো কমিউনিটি সেন্টার, খেলার মাঠ ও কলেজ। মাদক ব্যবসাও ছড়িয়ে পড়েছে।