নির্বাচনের দিন ঘনিয়ে এলেও কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি কে এম আই খলিলের প্রকাশ্যে কোনো প্রচারণা নেই। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সমর্থিত ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সরকার মাঠে উত্তাপ ছড়াচ্ছেন। তাঁর নারকেলগাছ প্রতীকের পোস্টারই পৌরসভার সব ওয়ার্ডে চোখে পড়ছে।
গতকাল শনিবার সকালে ৭ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় নুরুল আমিন সরকারকে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করতে দেখা গেছে। দাউদকান্দি বাজারের অন্তত ছয়জন ব্যবসায়ীর সঙ্গে আলাপ করে জানা গেছে, খন্দকার মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে কারাবন্দী। তাঁর অনুপস্থিতিতে বিএনপির মনোনয়ন পান কে এম আই খলিল। এতে ক্ষুব্ধ হয়ে মোশাররফের নির্দেশে প্রার্থী হন নুরুল আমিন সরকার। মনোনয়নপত্র দাখিলের পর থেকে নির্বাচনী মাঠে আর দেখা যায়নি কে এম আই খলিলকে।
দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বসে গতকাল শনিবার সকালে কমপক্ষে সাতবার কে এম আই খলিলের মুঠোফোনে কল দেওয়া হয়। তিনি এতে সাড়া দেননি। পরে খুদেবার্তা পাঠানো হয়। এরপর আরও তিনবার ফোন করার পর তিনি রিসিভ করেন। এ সময় তাঁর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গ্রাম এলাকায় আছি।’ সাংবাদিকেরা তাঁর সঙ্গে দেখা করতে চান জানালে তিনি বলেন, ‘এখন দেখা করা যাবে না।’ পরে তাঁকে প্রচারণা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমি দূর থেকে প্রচারণা চালাই। ফোনে ফোনে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করি। দলীয় কর্মীরা আমার সঙ্গেই আছেন।’
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, চাপের মুখে আছেন বিএনপির প্রার্থী। তাঁর সমর্থকেরা প্রকাশ্যে আসতে পারছেন না। ওই ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় গণসংযোগ করছিলেন বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন সরকার। তাঁর সঙ্গে ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউসার আলম সরকার, পৌর যুবদলের সভাপতি বাবুল মোল্লাসহ আরও কয়েকজন নেতা-কর্মী। তাঁরা দাবি করেন, ‘দল মনোনয়ন দিলেও কে এম আই খলিল মাঠে নেই। আমাদের মোশাররফ স্যারের প্রার্থীই মাঠে আছেন।’
এ ব্যাপারে নুরুল আমিন সরকার বলেন, ‘আমি তাঁকে (খলিল) মাঠে পাইনি। তাঁর সঙ্গে দলের কেউ নেই। আমার সঙ্গে পুরো দলই আছে। আমার সঙ্গেই আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে।’