বিএনপির প্রার্থী লাঞ্ছিত কেন্দ্র দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী কাজী সাইফুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এদিকে ভোটকেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে সরেজমিনে কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, লাইনে কিছু লোক দাঁড়ানো এবং আশপাশে কিছু লোক ঘোরাফেরা করছে। তবে স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, লাইনে দাঁড়ানো ও আশপাশে ঘোরাফেরা করা সবাই বহিরাগত। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা যায়।
স্থানীয় সূত্র জানায়, পৌরসভার কৃষ্ণরামপুর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী জাফরুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাঁকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেন আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী কামরুল হাসানের সমর্থকেরা। পরে তাঁরা কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন।
বেতুয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর পদপ্রার্থী নুরুল হুদা সেলিম ও জিয়া উদ্দিন মাসুদের সমর্থকদের মধ্যে বোমাবাজি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলাইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে ভোটারদের বাধা দেওয়া হয়। পুলিশ ওই এলাকা থেকে বেশ কিছু লাঠি ও একটি ককটেল উদ্ধার করে।
দুপুরে বসুরহাট সড়কে বিএনপির মেয়র পদপ্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সকাল নয়টায় পৌরসভার উত্তর করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপির মেয়র পদপ্রার্থী কাজী সাইফুর রহমানের ওপর সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা করে। এ ছাড়া গত মঙ্গলবার রাত থেকে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করা হয়। তারা বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে বিক্ষিপ্ত বোমাবাজি করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। সকাল থেকে বহিরাগতরা কেন্দ্রে ঢুকে জাল ভোট দেয় ও পথে পথে ভোটারদের বাধা দেয়।
বিএনপির প্রার্থী কাজী সাইফুর রহমান বলেন, গতকাল সকাল নয়টায় তিনি পৌরসভার উত্তর করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে বেশ কিছু বহিরাগত সন্ত্রাসীকে দেখতে পান। ভোটকেন্দ্রে বহিরাগত লোকজন কেন?—এ কথা জানতে চাইলে তারা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে মুঠোফোনে জানিয়েছেন।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ওমর ফারুক খান সব অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির প্রার্থী ভোটকেন্দ্রে তাঁর কোনো কর্মী-সমর্থক না দেখে হতাশ হয়ে মিথ্যা অভিযোগ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদা খানম বলেন, বিএনপির মেয়র পদপ্রার্থীকে লাঞ্ছিত করা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কোনো অভিযোগ পাননি। তিনি বলেন, বিক্ষিপ্ত দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে পুলিশ ৬ নারীসহ ২০ জনকে আটক করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, আটক ২০ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের একজনকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন। একজনকে এক লাখ টাকা, দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অন্যদের ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
ফেনী পৌরসভা: ফেনী পৌরসভার মেয়র ও ২৩ জন কাউন্সিলর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন হয়।
বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী নুরুল ইসলাম ও স্থানীয় বেশ কয়েকজন ভোটার অভিযোগ করেন, মঙ্গলবার রাতে বেশ কিছু বহিরাগত যুবক এলাকায় প্রবেশ করে ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে চাপ দেয়। গতকাল সকাল থেকে ওই যুবকেরা ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় ও আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পক্ষে সিল মারে। প্রশাসনকে বিভিন্নভাবে বলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
তবে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মনির আহম্মদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকাবাসী তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।