কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী সমর্থন দেওয়া নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমানকে নিকলীতে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর কুশপুত্তলিকা পোড়ানো হয়।
আজ শুক্রবার উপজেলার দামপাড়া এলাকায় দলের সমর্থিত প্রার্থী বদরুল মোমেনের পক্ষে একটি প্রচার অনুষ্ঠানে ফজলুর রহমানের উপস্থিত থাকার কথা।
বিএনপির স্থানীয় সূত্রে জানা গেছে, নিকলীতে প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। চেয়ারম্যান পদে নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুল মোমেনকে বিএনপির সমর্থন দেওয়া হয়। দলের তৃণমূল পর্যায়ের নেতাদের অভিযোগ, প্রার্থী সমর্থনে দলের তৃণমূলের নেতাদের মতামত নেওয়া হয়নি। ফজলুর রহমান একক সিদ্ধান্তে প্রার্থী ঠিক করেন। এর প্রতিবাদে গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে কয়েক শ লোক অংশ নেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান, মো. মহিউদ্দিন, জারইতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্কাস আলী, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
নিকলীতে বদরুল মোমেনকে দলীয় সমর্থন দেওয়া হলেও দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন বিএনপির নেতা মো. আবু সাঈদ।