বিএনপির প্রার্থী সরে যাওয়ায় জয় পাচ্ছে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। বিএনপির প্রার্থী সাব্বির আহম্মেদ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় গোলাম কিবরিয়া এখন এখানে একক প্রার্থী। আগামী ৬ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।
গোলাম কিবরিয়া কাঁঠালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক সিকদারের ছোট ভাই। তিনি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিএনপির প্রার্থী সাব্বির আহম্মেদ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পারিবারিক সমস্যার কারণে সাব্বির আহম্মেদ তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে প্রত্যাহারপত্রে উল্লেখ করেন।
সাব্বির আহম্মেদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ও নির্বাচনীপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই নানামুখী চাপে অনেকটা অসহায় হয়ে পড়েন তিনি। আর এর জেরেই তিনি নির্বাচনী মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন।
সূত্রটি আরও জানায়, নানামুখী চাপ, মামলা-হামলার ভয় এবং মাঠে প্রচারণা চালাতে গিয়ে ঝামেলা এড়াতেই সাব্বির আহম্মেদ নির্বাচনী মাঠ থেকে সরে গেছেন।
যোগাযোগ করা হলে সাব্বির আহম্মেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমি এমনিতেই ঝামেলা পছন্দ করি না। তা ছাড়া নানামুখী চাপও ছিল। আমি চাই না নির্বাচন নিয়ে আমার দলের নেতা ও কর্মীরা ক্ষতিগ্রস্ত হোক। তাই সরে এসেছি।’
তিনি বলেন, ‘মাঠপর্যায়ের বিরূপ পরিস্থিতির কারণে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি, এটা কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি।’
আওয়ামী লীগের প্রার্থী মো. গোলাম কিবরিয়া সিকদার বলেন, ‘বিএনপির প্রার্থী নিজের ইচ্ছায় মনোনয়ন দাখিল করেছিলেন, আবার নিজের ইচ্ছাতেই তা প্রত্যাহার করে নিয়েছেন। এ জন্য তাঁকে কেউ চাপ প্রয়োগ করেনি। আর মনোনয়ন দাখিলের পর আমার সঙ্গে তাঁর দেখা-সাক্ষাৎও হয়নি। মূলত, জনসমর্থন না থাকায় একরকম জনরোষ এড়াতে এবং ভোটের দিন কেন্দ্রে এজেন্ট দিতে পারবেন না—এই আশঙ্কায় তিনি মনোননয়পত্র প্রত্যাহার করে নিয়েছেন।’
প্রার্থিতা প্রত্যাহারের দিন বিএনপির প্রার্থী কোনো ধরনের চাপ প্রয়োগের অভিযোগ করেছিলেন কি না, জানতে চাইলে কাঁঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আইউব আলী হাওলাদার বলেন, তিনি শুধু পারিবারিক কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন, এটা উল্লেখ করেছেন। নির্বাচনীপ্রক্রিয়া শুরু হওয়ার পর মাঠপর্যায়ে কোনো ধরনের ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি।’ তিনি আরও বলেন, গেজেট প্রকাশের জন্য ইতিমধ্যে গোলাম কিবরিয়ার নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক সিকদার বার্ধক্যজনিত কারণে গত ৬ অক্টোবর মারা যান। নির্বাচন কমিশন এই পদে আগামী ৬ মার্চ উপনির্বাচনের ঘোষণা দেয়।