চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে মাত্র দুটিতে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এ অবস্থার জন্য দলের নেতা-কর্মীরা সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করেছেন। নেতারা বলছেন, প্রার্থী হওয়ার মতো আগ্রহী কাউকে পাওয়া যায়নি।
পৌরসভার নয়টি সাধারণ ওয়ার্ডের মধ্যে দুটিতে একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এ ছাড়া সংরক্ষিত তিনটি মহিলা ওয়ার্ডের মধ্যে দুটিতেও একই অবস্থা। নির্বাচিত হতে যাওয়া মোট চার কাউন্সিলরই আওয়ামী লীগ সমর্থক। ফলে কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে একটি সংরক্ষিত এবং সাতটি সাধারণ ওয়ার্ডে। কাউন্সিলর পদে বেশির ভাগ ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত একাধিক প্রার্থী রয়েছেন।
সব ওয়ার্ডে কেন বিএনপি প্রার্থী দিতে পারেনি—জানতে চাইলে সন্দ্বীপ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে প্রার্থী দিতে পারিনি। আসলে প্রার্থী হওয়ার মতো কাউকে পাওয়া যায়নি।’
এই নির্বাচনে বর্তমান কাউন্সিলর মো. আবুল বাশারও প্রার্থী হননি। কেন প্রার্থী হননি—তা জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি এবার নির্বাচন করছি না।’
বিএনপি সূত্র জানায়, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে লড়ছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডে পৌর যুবদলের সভাপতি মো. নাছির উদ্দীন। প্রতীক বরাদ্দের পর থেকে নেতা-কর্মীদের নিয়ে তাঁরা প্রচারণা চালাচ্ছেন।
সন্দ্বীপ পৌরসভায় সাতটি ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী না দেওয়ার কারণ জানতে চাইলে সন্দ্বীপ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা প্রথম আলোকে বলেন, ‘আসলে আমাদের প্রার্থীর অভাব ছিল না। দলের অনেককে প্রার্থী হতে বলেছিলাম। চেষ্টাও করেছিলাম। কিন্তু পরিবারের কথা চিন্তা করে তাঁরা প্রার্থী হতে চাননি। কারণ হুমকি-ধমকিও এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।’
হুমকি-ধমকি পেলে মেয়র এবং বাকি দুই ওয়ার্ডে দুজন কাউন্সিলর পদপ্রার্থী প্রচারণা চালাচ্ছেন কীভাবে—এই প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মেয়র প্রার্থী এখনো মাঠে আছেন। দেখা যাক কী হয়?’
সন্দ্বীপ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১ ও ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। পৌরসভার সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডেও দুজন নারী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে চলেছেন। ফলে সাতটি সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত একটি ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে ২৬ ও ৫ জন।
রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর সন্দ্বীপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালাচ্ছেন। রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে সহাবস্থান রয়েছে। নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশে হবে।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মিলাদ কারও নাম উল্লেখ না করে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি আওয়ামী লীগ সমর্থন করি। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। আমার এজেন্টদের কেন্দ্রে যেতে দেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন ওই প্রার্থী। আসলে সন্দ্বীপে একসময় সন্ত্রাস অনেক হয়েছে। আমরা আর কোনো সন্ত্রাসীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই না। সুষ্ঠু নির্বাচন দেখতে চাই।’
৭ নম্বর সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তিনজন। মোহাম্মদ মিলাদ ছাড়া বাকি দুজন হলেন আওয়ামী লীগ-সমর্থিত মোহাম্মদ দেলোয়ার ও বিএনপি-সমর্থিত সোহরাব হোসেন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিনের আশঙ্কা, দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বহিরাগত সন্ত্রাসী দিয়ে কেন্দ্র দখল করাতে পারেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোটাররা কোনো সন্ত্রাস পছন্দ করেন না। যুগ পাল্টে গেছে। গণমাধ্যম সজাগ থাকলে আমার ওয়ার্ডে কেউ কেন্দ্র দখলের চেষ্টা করবেন না।’
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঁচজনই আওয়ামী লীগ সমর্থক। তাঁদের একজন মো. সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা পাঁচজনই আওয়ামী লীগ সমর্থক। বিএনপির একজন প্রার্থী থাকলে নির্বাচন আরও জমে উঠত। আওয়ামী লীগের আমলে সন্দ্বীপে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নকাজগুলো টেকসই হচ্ছে। বিএনপি হয়তো এ কারণেই প্রার্থী দেয়নি।’