বিএনপির প্রার্থী 'নিখোঁজ' নেতার স্ত্রী শাহনাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহনাজ আক্তার
শাহনাজ আক্তার

কুমিল্লার লাকসাম পৌর বিএনপির নিখোঁজ নেতা হুমায়ুন কবিরের স্ত্রী শাহনাজ আক্তারকে লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি গতকাল বৃহস্পতিবার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হবেন বলে তাঁর অনুসারীরা দাবি করছেন।
গতকাল বেলা সাড়ে তিনটায় শাহনাজ আক্তার রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। শাহনাজ আক্তার দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর বলেন, ‘আমার এই নির্বাচন অন্যায় ও অনাচারের বিরুদ্ধে। আমার নিরপরাধ স্বামীকে অন্যায়ভাবে গুম করা হয়েছে। জনগণ আমার প্রতি সহানুভূতিশীল হয়ে এ নির্বাচনে রায় দেবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।’
লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, ‘হুমায়ুন কবিরের স্ত্রীকে দল প্রার্থী হিসেবে মনোনীত করেছে। দলের সবাই তাঁর ব্যাপারে এককাট্টা। আমি ও সুভাষ বণিক নির্বাচন করব না।’
হুমায়ুন কবিরের পরিবার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর সড়কে র্যা বের একদল সদস্য লাকসাম ফেয়ার হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স আটক করে। ওই অ্যাম্বুলেন্স থেকে র্যা ব সদস্যরা লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, হুমায়ুন কবির ও পৌর বিএনপির তৎকালীন সহসাংগঠনিক সম্পাদক (বর্তমানে আওয়ামী লীগ নেতা) জসিম উদ্দিনকে তুলে নিয়ে যান। পরে র্যা ব জসিমকে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় অন্য একটি মাইক্রোবাসে তুলে দেয়। এরপর জসিম উদ্দিন ও একই রাতে লাকসামে সাইফুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার হওয়া ১০ ব্যক্তিকে র্যা ব লাকসাম থানায় হস্তান্তর করে। কিন্তু র্যা ব সাইফুল ও হুমায়ুন কবিরকে থানায় হাজির করেনি। এরপর থেকে তাঁরা ‘নিখোঁজ’ রয়েছেন। এ ঘটনায় র্যা ব-১১-এর চাকরিচ্যুত সিও লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর সাহেদ রাজী, ডিএডি শাহজাহান আলী, এসআই কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার রায়ের বিরুদ্ধে শাহনাজের শ্বশুর রংগু মিয়া কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন।