ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিজয় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী ও তাঁর ছেলে আয়মন আকবরের জন্য ‘প্রেস্টিজ ইস্যু’ হয়ে উঠেছে বলে স্থানীয় বিএনপি মনে করছে৷ আজ মঙ্গলবার এ উপনির্বাচন হচ্ছে। এখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে প্রশাসন, পুলিশসহ পেশিশক্তি ব্যবহার করা হচ্ছে বলে বিএনপি-সমর্থিত প্রার্থী অভিযোগ করেছেন৷
এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব মাতুব্বর (আনারস) ও বিএনপি-সমর্থিত প্রার্থী এনায়েত হোসেন (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০১১ সালে এই ইউিপ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ওহাব মাতুব্বরকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি-সমর্থিত মো. ওয়াহিদুজ্জামান। পরে গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের নির্বাচনে ওয়াহিদুজ্জামান আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান হন। ফলে ভাওয়াল ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়৷
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, গত উপজেলা নির্বাচনে সংসদ উপনেতার নির্বাচনী এলাকা নগরকান্দা ও সালথা উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত দুই প্রার্থীই পরাজিত হন। এ ছাড়া ভাওয়াল ইউপি নির্বাচনেও (২০১১ সালে) হেরে গিয়েছিলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। সংসদ উপনেতার ছেলে আয়মন নিজে নগরকান্দা উপজেলা অাওয়ামী লীগের সভাপতি হয়েও এখানে দলের এ পরাজয় ঠেকাতে পারেননি৷
এবার যেকোনো মূল্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সংসদ উপনেতা ও তাঁর ছেলে নানামুখী তৎপরতা চালাচ্ছেন বলে স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এনায়েত৷
এ অভিযোগ সূত্রে জানা যায়, ২১ মে ইউনিয়নের নারানদিয়া গ্রামের বিএনপি প্রার্থীর সমর্থক সোহেল মোল্লাকে (২২) পুলিশ আটক করে। সোহেলের ভাই মোকাররম বলেন, ‘আমার ভাইয়ের অপরাধ, সে বিএনপি করে৷’ ২২ মে রাতে পুলিশ বিএনপির সমর্থক ভাওয়াল ইউিপর সাবেক সদস্য কোহিনুর হোসেনকে আটক করে৷
বিএনপি প্রার্থীর অভিযোগ থেকে আরও জানা গেছে, ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুল ইসলাম ও সালথা থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ওই ইউনিয়নের বিএনপির সমর্থকদের তালিকা বানিয়ে তালিকাভুক্ত ব্যক্তিদের বিএনপি প্রার্থীর পক্ষে কাজ না করতে হুমকি দিচ্ছেন।
এ ব্যাপারে এএসপি শামসুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি৷ তবে অভিযোগ অস্বীকার করে এসআই ফরহাদ বলেন, ‘আমার নামে কেন এসব অভিযোগ দেওয়া হচ্ছে জানি না।’
সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান বলেন, স্থানীয় প্রশাসন ও পুলিশ বিএনপি-সমর্থিত প্রার্থী ও সমর্থকদের জন্য ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে৷ তিনি আরও বলেন, গত ইউপি ও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পরাজিত হওয়ায় এবারের উপনির্বাচনকে সংসদ উপনেতা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন৷
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘স্থানীয় পর্যায়ের এ নির্বাচন সংসদ উপনেতার কাছে প্রেস্টিজ ইস্যু হবে কেন? এ উপনির্বাচন সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের প্রশাসন ও পুলিশ দিয়ে হয়রানির প্রশ্নই ওঠে না৷ বরং এবার ওহাবের বিজয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকায় বিরোধীরা নানা কথা রটাচ্ছে।’