ফেনীর দাগনভূঞা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্র দখলসহ নানা অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থীরা।
গতকাল শনিবার নির্বাচন চলাকালে ফেনী শহরে এসে বিএনপির পাঁচ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ওই পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থী হলেন কবীর আহম্মদ (সিন্দুরপুর), নিজাম উদ্দিন (রাজাপুর), নিজাম উদ্দিন (পূর্ব চন্দ্রপুর), ইয়াছিন হিরণ ভূঞা (এয়াকুবপুর) ও নাসির উদ্দিন (মাতুভূঞা ইউনিয়ন)। তাঁরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আবারও নির্বাচনের দাবি জানান।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের দলের পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচন বর্জনের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে দাগনভূঞার পাঁচটি ইউপি নির্বাচনে কেন্দ্র দখল ও ব্যাপক জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মাতুভূঞা ইউনিয়নের ভাষাশহীদ সালামনগর গ্রামের লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপারে জোর করে সিল মারাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রিসাইডিং কর্মকর্তা ১০টি ব্যালট পেপার বাতিল করেন। র্যাবের সদস্যরা কেন্দ্রের বাইরে পরিত্যক্ত তিনটি ককটেল উদ্ধার করেন।
একই ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল মামুন ও স্বতন্ত্র প্রার্থী এমদাদ হোসেনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রাজাপুর ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে তিন ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টায় পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া আদর্শ একাডেমি কেন্দ্রে সরকারি দলের প্রার্থীর সমর্থকেরা জোর করে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেনকে লাঞ্ছিত করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুবলীগের কর্মী আলী হোসেনকে আটক করেন।
সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোমেনুল হক নামের একজন সদস্যপ্রার্থী অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন ভোট কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের জোর বের করে দিয়েছেন।
সকাল সাড়ে নয়টায় রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন। কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পরে ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টকে দেখা যায়নি। কেন্দ্রও ছিল ভোটারশূন্য।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, তিনি ভোট কেন্দ্রে বিএনপির কোনো এজেন্টকে পাননি।
সকাল সাড়ে ১০টায় সিন্দুরপুর ইউনিয়নের সিন্দুরপুর অদুদিয়া মাদ্রাসা কেন্দ্র ও সিন্দুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আধিপত্য দেখা যায়। ওই দুই কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট বা কর্মী-সমর্থককে দেখা যায়নি।
গতকাল উপজেলার ১৬টি ভোট কেন্দ্র ঘুরে বিএনপির কোনো এজেন্টকে দেখা যায়নি।
গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা মাতুভূঞা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিনের বাড়িতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।