ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ইউনিয়নগুলো হলো বানা, পাচুরিয়া, টগরবন্দ।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থী ও তাঁদের সমর্থকদের নানা বাধার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন স্থান থেকে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের মামলা দিয়ে জেল, জরিমানা করানোর হুমকি অব্যাহত রয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘আমরা জানি আওয়ামী লীগ যতই অন্যায় করুক না কেন প্রশাসনের কোনো ক্ষমতাই নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। বর্তমান প্রশাসন আওয়ামী লীগের পক্ষেই কাজ করে চলছে।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘বর্তমান যে অবস্থা চলছে তাতে ৩১ মার্চ অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। ফলে আমরা বাধ্য হয়েই তিন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করছি।’
সংবাদ সম্মেলনে বিএনপির তিন চেয়ারম্যান প্রার্থী বানা ইউনিয়নের মো. মারজান, পাচুড়িয়া ইউনিয়নের মো. শাহিদুর রহমান, টগরবন্দ ইউনিয়নের সাজ্জাদ হোসেন সুজনসহ স্থানীয় বিএনপির নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের প্রথম আলোকে বলেন, প্রশাসন আওয়ামী লীগের পক্ষে কাজ করছে না। আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের প্রার্থীদেরও জরিমানা করা হচ্ছে। প্রশাসন আওয়ামী লীগের ব্যাপারে কিছু করতে পারবে না—এটা বানোয়াট কথা। তিনি আরও বলেন, ‘বিএনপির নেতারা আমার বিরুদ্ধে নয়, সারা দেশের বিরুদ্ধেই অভিযোগ দিয়েছেন, এটা তাঁদের কেন্দ্রীয় কোনো কর্মসূচি হয়ে থাকতে পারে।’