বিএনপির প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী, দাগনভূঞা ও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণায় বাধা ও দলের নেতা-কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার গভীর রাতে সোনাগাজীর মতিগঞ্জ ইউপির চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী আমিন উদ্দিন দোলনের দৌলতকান্দি গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া তাঁর একটি গোয়ালঘর পুড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, রোববার বিকেলে উপজেলার নবাবপুর ইউপির চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী জহিরুল আলমের প্রচারণা চলাকালে অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় প্রচারণার গাড়ির চালক ও একজন প্রচারকর্মীকে মারধর করে মাইক, ব্যাটারি ও মেশিন ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জহিরুল আলম থানায় অভিযোগ করেছেন। পুলিশ গতকাল সোমবার সকালে ইসরাফিল ভূঞা ওরফে রাজু (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্র জানায়, ইসরাফিল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ফেনী সদর উপজেলার শর্শদি ইউপির চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী নুরুল ইসলাম বলেন, রোববার দুপুরে ফতেপুর এলাকায় প্রচারণা চালানোর সময় তাঁর কর্মীদের মারধর করা হয়।
সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর নবাবপুর ও মতিগঞ্জের ঘটনায় অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
দাগনভূঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, তিনি বিষয়টি শুনেছেন।