বিএনপির প্রার্থীদের প্রচারে বাধা ও হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয় ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও নেতারা। ২৩ এপ্রিল উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই ছয়টি ইউনিয়ন হলো পাইন্দং, হারুয়ালছড়ি, ভূজপুর, সুন্দরপুর, নারায়ণহাট ও রোসাংগিরী। রোসাংগিরী ইউপির বিএনপির প্রার্থী মো. সাইফুদ্দিন অভিযোগ করেন, ‘আমার কর্মীদের পোস্টার লাগাতে দিচ্ছে না। প্রতিনিয়ত আমার কর্মীদের হুমকি দিয়ে ঘর থেকে বের না হতে বলা হচ্ছে।’ তবে আওয়ামী লীগের প্রার্থী এস এম শোয়েব আল ছালেহীন বলেন, ‘নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এসব মিথ্যা প্রচার করছে বিএনপির লোকেরা।’

সুন্দরপুর ইউপির বিএনপি প্রার্থী শহীদুল আজমের অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের প্রচারণায় বের না হতে হুমকি দিচ্ছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহ নেওয়াজ বলেন, ‘এসব মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ।’

অপর চার ইউপির বিএনপির প্রার্থীরা একই ধরনের অভিযোগ করেছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচনে পরাজয়ের আগাম অজুহাত হিসেবে বিএনপির কিছু প্রার্থী অভিযোগ করতে পারেন।

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে কিছু অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।