বিএনপির প্রার্থীদের প্রত্যয়ন করবেন মো. শাহজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপেও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যয়ন করবেন দলের কেন্দ্রীয় নেতা মো. শাহজাহান। এ-সংক্রান্ত দলীয় চিঠি গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
মো. শাহজাহান বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও দলের ইউপি নির্বাচন পরিচালনা সেলের সমন্বয়কারী।
সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় এক সহ-দপ্তর সম্পাদকের ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেনকে ‘মনোনয়ন-বাণিজ্য’ বলে কয়েকটি পত্রিকায় লেখালেখির পর গুজব ছড়ায় যে মো. শাহজাহানকে প্রত্যয়নের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে শাহজাহানকে প্রত্যয়নের দায়িত্ব দেওয়া হলো।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে মো. শাহজাহান সম্পর্কে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, মো. শাহজাহান দলের ইউপি ও পৌরসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে বহাল আছেন। তাঁকে অব্যাহতি দেওয়ার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক।
তবে, আগামী ২৫ মে অনুষ্ঠেয় নয়টি পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থীদের প্রত্যয়ন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।