বিএনপির প্রার্থীর কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ওয়াজেদ আলী মন্ডলের (আনারস) কর্মীরা বিএনপি-সমর্থিত প্রার্থী হাবিবুর রহমানের (দেয়ালঘড়ি) কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি সাধারণ ভোটারদের ভোট দেওয়া থেকে বিরত থাকার হুমকি দেওয়া হচ্ছে বলে হাবিবুর রহমান দাবি করেছেন। তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এসব অভিযোগ অস্বীকার করেছেন।হাবিবুর রহমান অভিযোগ করেন, তাঁর কর্মীদের কোনো ওয়ার্ডেই ঢুকতে দেওয়া হচ্ছে না। পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে আবদুল খালেক, মহিউদ্দিন, মিঠুসহ তাঁর পাঁচ কর্মীকে মারধর করা হয়েছে। এ ছাড়া সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরের দিকে ৩ নম্বর ওয়ার্ডের গুটিবাড়ি এলাকায় রবিউল ও লিটন নামের দুই কর্মীকে মারধর করা হয়। তিনি বলেন, এসব বিষয়ে ও সেনা মোতায়েনের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। এ ছাড়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ পর্যন্ত পাঁচটি আবেদন করা হয়েছে।উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসানুর রহমান বলেন, হাবিবুর রহমানের বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। সেগুলো থানায় দেওয়া হয়েছে। তবে বাস্তবে এখানকার পরিবেশ এত খারাপ নয়। তুচ্ছ বিষয়ে কয়েকটি ঘটনা ছাড়া তেমন বড় কিছুর খবর পাওয়া যায়নি। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসাইন খান বলেন, পাংশা পৌরসভা নির্বাচনের ব্যাপারে কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে।আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. ওয়াজেদ আলী মন্ডল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিশ্চিত পরাজয় ভেবে তিনি বিভিন্নভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। যেখানে ম্যাজিস্ট্রেট, পুলিশ সব সময় ঘোরাফেরা করছে, কিছু হলে অবশ্যই তারা দেখত।