বিএনপির প্রার্থীর দুটি ক্যাম্পে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর দুটি নির্বাচনী প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের বাগেরহাটা এলাকায় বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলীর নির্বাচনী প্রচার ক্যাম্পে আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলমের সমর্থকেরা। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে শহরের কাচারীপাড়া এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে একটি মিছিল বের করা হয়। সেই মিছিল থেকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচার ক্যাম্পে হামলা চালান। পরে প্রচার ক্যাম্পের চেয়ার-টেবিল ও আসবাব ভাঙচুর করা হয়। এ সময় বিএনপির প্রার্থীর সমর্থকেরা ওই ক্যাম্প থেকে কোনো রকম পালিয়ে রক্ষা পান।
বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী শাহ্ ওয়ারেছ আলী প্রথম আলোকে বলেন, পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা নিজেদের নির্বাচনী প্রচার ক্যাম্পে আগুন দিয়ে ও ভাঙচুর করে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করে তুলছেন। এ ছাড়া শহরের পাঁচ রাস্তা, ইকবালপুর, নতুন হাইস্কুল মোড়সহ বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। হামলার সময় কোনো রকমে পালিয়ে রক্ষা পান তাঁর সমর্থকেরা।
এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম প্রথম আলোকে বলেন, বিএনপির নির্বাচনী প্রচার ক্যাম্পে আগুন ও ভাঙচুরের বিষয়ে তাঁর কিছু জানা নেই।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাঙচুরের বিষয়টি তিনি শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি তিনি দেখছেন।