বিএনপির প্রার্থীর নামে আটটি মামলা, আ.লীগ প্রার্থী নির্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী জি কে গউছের বিরুদ্ধে আটটি মামলা চলমান। এ ছাড়া তিনি তিন মামলায় খালাস পেয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমানের বিরুদ্ধে ছিল তিনটি মামলা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে সব কটি মামলা পরে প্রত্যাহার করা হয়। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া তাঁদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
জি কে গউছ হবিগঞ্জ পৌরসভার পর পর দুবারের মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বর্তমানে কারাগারে আছেন।
আতাউর রহমান জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য। এবারই প্রথম তিনি কোনো নির্বাচন করছেন।
হলফনামা ঘেঁটে দেখা গেছে, ঢাকা ও হবিগঞ্জে বিএনপি প্রার্থী জি কে গউছের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্য তিনটিতে খালাস পেয়েছেন। জরুরি ক্ষমতা বিধি, বন্য প্রাণী সংরক্ষণ আইন, দণ্ডবিধি-১২০ (খ) ষড়যন্ত্র আইন ও বিস্ফোরক আইনেসহ আরও আটটি মামলা চলমান।
আতাউর রহমানের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও বিস্ফোরক আইনেসহ তিনটি মামলা ছিল হবিগঞ্জ আমলি আদালতে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তিনটি মামলাই প্রত্যাহার করা হয়।
জি কে গউছ স্নাতক পাস। তাঁর পেশার বিবরণীতে উল্লেখ করেছেন, হবিগঞ্জ শহরে মেসার্স এম এম ফার্মেসি, মেসার্স এম এম প্রিন্টিং প্রেস, দৈনিক আজকের হবিগঞ্জ, মাধবপুর স মিল মাধবপুর, মেসার্স এম এম কনস্ট্রাকশন শায়েস্তানগর হবিগঞ্জ এবং মেসার্স প্রীতম ও পুলক কনস্ট্রাকশন শায়েস্তানগর হবিগঞ্জের স্বত্বাধিকারী। কৃষি খাতে তাঁর বাৎসরিক আয় দেড় লাখ টাকা। ব্যবসা থেকে ৬ লাখ ৮৫ হাজার টাকা, পৌর মেয়রের সম্মানী ১ লাখ ২০ হাজার টাকা, সংবাদপত্রের সম্পাদকীয় ভাতা ১ লাখ ২০ হাজার টাকা ও অন্য উৎস থেকে আয় ৩ লাখ ৩৫ হাজার টাকাসহ মোট ১৪ লাখ ১০ হাজার টাকা। তাঁর ব্যাংকে নগদ জমা আছে ২৩ লাখ ৮১ হাজার ৮৮৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৬ লাখ ১৯ হাজার ৬৬ টাকা। একটি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও ঘরে আছে ১০ তোলা স্বর্ণালংকার ও স্ত্রীর নামে রয়েছে ১৫ তোলা।
জমি আছে ঢাকার বাড্ডায় ১০ দশমিক ৭৭ শতক, পূর্বাচলে ১০ কাঠার প্লট, বসুন্ধরায় ৬ দশমিক ৫৩ কাঠার প্লট, অকৃষি জমি ১৬ দশমিক ৩৬৫০ একর ও হবিগঞ্জের মাধবপুরে দশমিক ৩ শতক ভূমি। এ ছাড়া আছে ঢাকার গুলশানে ৩১৫০ বর্গফুটের একটি আধুনিক অ্যাপার্টমেন্ট।
আতাউর রহমান স্বশিক্ষিত, পেশায় ঠিকাদার। তাঁর বাৎসরিক আয় ৩ লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে ব্যবসায় ২ লাখ ২০ হাজার ও অন্য উৎস থেকে পান ১ লাখ ৭৩ হাজার টাকা। তাঁর ব্যাংকে নগদ জমা আছে ২ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১০ হাজার টাকা, হবিগঞ্জের কেব্ল টিভি অপারেটর এয়ার লিংক-এ আছে ১ হাজার শেয়ার, ঘরে আছে ২৫ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে আছে ১০ ভরি। তাঁর ঢাকায় ১১৬০ বর্গফুটের বাড়ি, হবিগঞ্জে ২ দশমিক ২৪৮৯ শতক অকৃষি জমি আছে।
এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের একজন ও বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এ ছাড়া জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীসহ মোট সাতজন লড়াই করছেন।