বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে নতুনভাবে ভোট নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মকলেছুর রহমান। গতকাল বুধবার বেলা তিনটায় শহরের ফতেমোহম্মদপুর লোকো রোডের পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।
সকালে মৌখিকভাবে এবং বেলা ১১টার দিকে দলের পক্ষ থেকে মকলেছুর রহমান ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দেন। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় বিএনপি ঈশ্বরদী পৌরসভার নির্বাচন বর্জন করে এবং এখানে পুনরায় ভোট নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানায়।
মকলেছুর রহমান বলেন, ভোট শুরুর পরপরই ভয়ভীতি দেখিয়ে ঈশ্বরদী পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্ট এবং বিএনপির সমর্থকদের বের করে দিয়েছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা। তাই তিনি চান পুনরায় সুষ্ঠু ভোট নেওয়া হোক।