বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে গত শনিবার রাতে বিএনপির নির্বাচনী কার্যালয় ও বিএনপির এক পক্ষের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। একই রাতে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুজন ওয়ার্ড কাউন্সিলরের নির্বাচনী কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের থানা মোড়ে বিএনপির এক পক্ষের দলীয় কার্যালয় দুর্বৃত্তরা ভাঙচুর করে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী বলেন, সাত-আটজন মুখ বেঁধে বিএনপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এ ছাড়া শহরের থানা মোড়ে বিএনপির মেয়র প্রার্থী আবদুস সামাদ বিশ্বাসের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
এদিকে শহরের কালাবাসা মোড়ে ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবু শাহীনের নির্বাচনী কার্যালয়ে রাত আড়াইটার দিকে কে বা কারা ভাঙচুর চালায়। একই সময়ে তাঁর পাশেই বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মশিয়ার রহমানের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
গতকাল দুপুরে বিএনপির এক পক্ষের কার্যালয়ের পাশে আবদুস সামাদ বিশ্বাস সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, তাঁর জয় ঠেকানোর জন্য শনিবার রাতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের সন্ত্রাসীরা ওই হামলা চালায়। এ ছাড়া তাঁর হাবাসপোল নির্বাচনী ক্যাম্পেও হামলা চালায়।
রফিকুল ইসলাম শহীদ দৌলত বিশ্বাস চত্বরের নির্বাচনী কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি সন্ত্রাসী কার্যকলাপে বিশ্বাসী নই। বিএনপি নিজেদের কার্যালয় ভেঙে আমার ওপর দোষ চাপিয়ে ভোটারদের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।’
কেশবপুরের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, সামাদ বিশ্বাসের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে।