বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব বিভেদ ভুলে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচার চালাতে বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
গতকাল সোমবার দুপুর ১২টায় কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জাসাসের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কমলগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি সাজ্জাদ পারভেজ চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, রাজনীতি করলে সাংগঠনিক নিয়মনীতি মানতে হয়। যেহেতু এইবার পৌরসভার মেয়র পদে প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, সেহেতু বিএনপির কেন্দ্রীয়ভাবে মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আবু ইব্রাহিম জমশেদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাই তাঁর পক্ষে কাজ করতে হবে।
বিএনপির কয়েকজন নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা বলেন, পৌর নির্বাচনে কমলগঞ্জে বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আওয়ামী লীগ ও অন্যান্য মেয়র প্রার্থীর পক্ষে কাজ করছেন।