বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেই একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি তথা ২০-দলীয় জোটের মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র তৌহিদুল ইসলামের প্রচারণায় বিএনপির কয়েকজন নেতাকে দেখা যায়নি। পঞ্চগড়ে দীর্ঘদিন ধরেই বিএনপিতে কোন্দল চলছে। এবার এখান থেকে পৌর বিএনপির সভাপতি বর্তমান মেয়র ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সরাসরি বিরোধিতা না করলেও তাঁদের নির্বাচনী প্রচারণায় শেষ মুহূর্তেও দেখা যায়নি বেশ কিছু নেতাকে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৩০ নভেম্বর সম্মেলনে মোজাহার হোসেনকে সভাপতি, নাজমুল হককে সাধারণ সম্পাদক ও জাহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে জেলা কমিটি করা হয়। ২০১১ সালের জানুয়ারিতে নাজমুল হক মারা যান। এরপরই সাধারণ সম্পাদক পদ নিয়ে দুই পক্ষে কোন্দল শুরু হয়। এর এক পক্ষে আছেন জমিরউদ্দিন সরকার ও তাঁর অনুসারীরা। আরেক পক্ষে আছেন মোজাহার হোসেন এবং পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম। নাজমুল হকের মৃত্যুতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন জমিরউদ্দিন সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এম এম মজিদ। তিনি জমিরউদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের সমর্থকেরা বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করছেন না। তাঁদের মধ্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ বি এম আকতারুজ্জামান শাহাজাহান, সাবেক সাংসদ রীনা পারভীন, জেলা বিএনপির নেতা এ হাসান প্রধান, জাকির হোসেন, এম এ মজিদ, জাকির হোসেন, এম এ মজিদ, আবু দাউদ প্রধান, রুবেল পাটোয়ারীসহ বেশ কিছু নেতাকে ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে না।
১৭ ডিসেম্বর ২০-দলীয় জোটের নেতারা তৌহিদুল ইসলামের পথসভায় উপস্থিত থেকে বক্তব্য দেন। তাঁরা সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব উপস্থিত ছিলেন। এরপরও অনেক নেতা দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামেননি। ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রার্থী তৌহিদুল ইসলামের পথসভায় বক্তব্য দেন। এ সভাতেও তাঁদের কাউকে দেখা যায়নি।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের সমর্থক কয়েকজন নেতা ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছেন না। কেউ কেউ আবার মাঠে নামছেন না। তবে তৃণমূলের নেতা-কর্মীরা কাজ করছেন। িবএনপির বর্তমান মেয়র বিপুল ভোটেই জয়ী হবেন।
২০-দলীয় জোটের শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘আমার দলের সব নেতা-কর্মী ২০-দলীয় জোটের মনোনীত বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করছেন।’
জেলা বিএনপির সাবেক নেতা এম এ মজিদ বলেন, ‘আমাকে কেউ ডাকেনি। তাই নির্বাচনী প্রচারণায় নেই। তবুও চাই, ধানের শীষের প্রতীক জিতুক।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের এপিএস এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব এম এ মজিদ বলেন, ‘আমাকে কেউ কিছু বলেননি, তাই প্রচারণায় নামছি না। কাকে বললে সবাই নামবে এটা সবাই জানেন। তবে আমরা চাই ধানের শীষের প্রার্থী জিতুক’।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম আকতারুজ্জামান শাহজাহান বলেন, ‘ভোটের জন্য সেভাবে আমাকে কেউ বলেনি। নিজের মতো করে প্রচারণায় চালাচ্ছি।’
বিএনপির সাবেক জেলা আহ্বায়ক এ হাসান প্রধান, ‘ব্যক্তিগত অসুবিধা থাকার কারণে প্রচারণা বা পথসভায় যেতে পারছি না। কিন্তু আমি ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করছি।’
জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাকির হোসেন বলেন, ‘আমাকে নির্বাচন করার জন্য কেউ ডাকেনি। তাই প্রচারণায় নেই।’
মেয়র পদপ্রার্থী পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম বলেন, ‘কারও ইন্ধনে হয়তো বিএনপির কেউ কেউ আমার পক্ষে কাজ করছে না। তবে আমি চারবারের নির্বাচিত মেয়র, ২০-দলীয় জোটের প্রার্থী। দু-একজন বিএনপি নেতা আমার পক্ষে কাজ না করলেও নির্বাচনে এটা প্রভাব ফেলবে না। মাঠপর্যায়ের নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন। আমি সবাইকে ডেকেছি, কেউ কেউ আমার ডাকে সাড়া দেয়নি। ভারপ্রাপ্ত মহাসচিবসহ ২০-দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা সবকিছু দেখছেন, জেনেছেন, শুনেছেন।’