বিএনপির প্রার্থীর পোস্টার নষ্ট করল আ.লীগ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত মঙ্গল ও গতকাল বুধবার বিএনপি-সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীর আনারস প্রতীকের সহস্রাধিক পোস্টার আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা ছিঁড়ে ও পুড়িয়ে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির নেতাদের অভিযোগ, সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার। তাঁর প্রতীক আনারস। ভাটারা বাজার এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা আনারস প্রতীকের পাঁচ শতাধিক পোস্টার ছিঁড়ে ও পুড়ে ফেলেন।
গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর, পিংনা ইউনিয়নের কয়েকটি স্থানে, জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা আনারস প্রতীকের চার শতাধিক পোস্টার ছিঁড়ে ফেলেন। মঙ্গলবার সকালে মহাদান ইউনিয়নের চেরাগ আলী মোড়ে আনারস প্রতীকের শতাধিক পোস্টার আগুন দিয়ে পুড়ে ফেলা হয়। এ ব্যাপারে জানতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন পাঠানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।