বিএনপির প্রার্থীর প্রচারণায় আ.লীগের কর্মীদের বাধা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ ও প্রচারণায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কয়েক দফায় বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে ভোট গ্রহণ সুষ্ঠু না-ও হতে পারে বলে সংশয় প্রকাশ করা হচ্ছে। কাল সোমবার (৩১ মার্চ) এ উপজেলায় ভোট হতে যাচ্ছে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলাল আহমেদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাইলে জেলা কমিটি তাঁকে সমর্থন দেওয়ার আশ্বাস দেয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সদস্য ওবায়দুল্লাহ আনোয়ারও দলীয় সমর্থন চান। কিন্তু পাইথল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিনকে সমর্থন দেওয়ায় দলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন।
বিএনপি জানায়, এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী হলেন সাবেক সাংসদ ফজলুর রহমানের ছেলে মুশফিকুর রহমান। ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে অটল থাকায় উপজেলা মহিলা দলের সভাপতি হাসনা হাদীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অপর ‘বিদ্রোহী’ প্রার্থী উস্থি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম কবীর সরকার ২২ মার্চ নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং মুশফিকুরকে সমর্থন দেন।
বেশ কয়েকজন সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের প্রচারণার শুরু থেকেই চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিকুর, ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিমউদ্দিন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহারের সমর্থকদের মারধর ও তাঁদের মাইক কেড়ে নিয়ে বাধার সৃষ্টি করেন আওয়ামী লীগের কর্মীরা। এ ছাড়া ১৭ মার্চ কামরুন নাহারের প্রচার মাইক কেড়ে নেন আওয়ামী লীগের কর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, আওয়ামী লীগের কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে হুমকি দিয়ে তাঁদের প্রার্থীকে ভোট দিতে বলেন। এ ছাড়া আওয়ামী লীগের দুই নেতা বলেন, ‘কেন্দ্রে যাওয়ার দরকার নাই। আমরাই আপনার ভোট দিয়ে দেব।’