বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আ.লীগের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র শুকুর শেখের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান মীরদাহ। এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকারদলীয় সাংসদ আবদুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করে বিএনপি।
এদিকে বৃহস্পতিবারের বিএনপির ওই সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তাকে জড়িয়ে মিথ্যা তথ্য তুলে ধরার অভিযোগে ওই দিন রাতেই রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুকুর শেখকে সতর্কীকরণ নোটিশ দেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আওয়ামী লীগের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ। তিনি বলেন, শুকুর শেখ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে টাকা ছড়িয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করে আচরণবিধি লঙ্ঘন করছেন। দরপত্র আহ্বান করে ১৭৭টি বিদ্যুতের খুঁটি পুঁতে ভোটারদের সঙ্গে প্রতারণা করছেন। নিয়মনীতি উপেক্ষা করে তফসিল ঘোষণার পর কোটেশনের মাধ্যমে সাতটি রাস্তার কাজ শুরু করেছেন। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে সাংসদ আবদুর রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।