বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মকলেছুর রহমানের কাছে ব্যাখ্যা চেয়েছে রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য গত সোমবার সন্ধ্যায় তাঁকে একটি চিঠি দিয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ সোমবার সকালে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, তফসিল ঘোষণার পর মকলেছুর রহমান মেয়র পদে আসীন থাকা অবস্থায় বিভিন্ন পত্রপত্রিকায় ২০১১-১২ থেকে ২০১৪-১৫ অর্থবছরের পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছেন। এই বিজ্ঞপ্তিতে পৌরসভার লোগো ব্যবহার করে নিজ স্বার্থ হাসিলের জন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ফলে তিনি গুরুতরভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আওয়ামী লীগ প্রার্থী অভিযোগপত্রের সঙ্গে কিছু প্রমাণপত্র উপস্থাপন করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, মকলেছুর রহমান স্বল্প সময়ের মধ্যে এই অভিযোগের ব্যাখ্যা দেবেন বলে তাঁদের জানানো হয়েছে।