বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসকানিমূলক বক্তৃতা দিয়ে শেরপুর পৌরসভা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিএনপির মেয়র পদপ্রার্থী বিঘ্নিত করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী। গতকাল সোমবার শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া অভিযোগ করে বলেন, আগামী বুধবার অনুষ্ঠেয় নির্বাচনে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুর রাজ্জাক আশীষ। এরই অংশ হিসেবে গত শনিবার রাতে শহরের শেখহাটি এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে আশীষের দুই কর্মী আবদুল মান্নান ও মজনু মিয়া ৫০০ বাঁশের লাঠি ও তির তৈরি করার ঘোষণা দেন। গত রোববার রাতে শহরের দীঘারপাড় এলাকায় নির্বাচনী সমাবেশে আশীষের সমর্থকেরা নির্বাচনী কেন্দ্রে কোনো ধরনের গোলযোগের চেষ্টা করা হলে রক্তের বন্যা বইয়ে দেওয়া হবে বলে হুমকি দেন। এসব হুমকির মাধ্যমে বিএনপি প্রার্থীর লোকজন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা করছেন।
উসকানিমূলক বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী আবদুর রাজ্জাক আশীষ বলেন, প্রতিটি নির্বাচনী সমাবেশে তিনি (আবদুর রাজ্জাক) শেষ দিকে যান। শহরের শেখহাটি ও দীঘারপাড় এলাকায় তাঁর দলের কোনো নেতা বা কর্মীর হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার বিষয়টি তিনি জানেন না। তারপরও কেউ এ ধরনের বক্তব্য দিয়ে থাকলে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারিশ বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।