বিএনপির প্রার্থীর বেড়েছে আয়, আ.লীগ প্রার্থীর নগদ টাকা
গত পাঁচ বছরে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমানের নগদ অর্থ ও আয় বেড়েছে। একই সময়ে আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাইয়ুমের আয় ও সম্পদ কমেছে, কিন্তু নগদ অর্থ বেড়েছে। ২০১১ সালে ও চলতি বছর রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা ঘেঁটে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পৌরবাসী বলেন, হলফনামায় দেওয়া প্রার্থীদের তথ্যে অনেক গরমিল রয়েছে। নামে-বেনামে তাঁদের অনেক সম্পদ রয়েছে; যা তাঁরা হলফনামায় উল্লেখ করেননি।
হলফনামায় দেখা গেছে, বিএনপির প্রার্থী ব্যবসায়ী। তিনি এইচএসসি পাস। গত নির্বাচনে তাঁর নগদ ১০ হাজার টাকা ছিল। বর্তমানে ৩ লাখ ৮৯ হাজার নগদ টাকা আছে। ব্যবসা থেকে এখন তাঁর বার্ষিক আয় ২ লাখ ৬০ হাজার টাকা। আগে ছিল ১ লাখ ৮৫ হাজার টাকা। ব্যাংকে জমা অর্থের পরিমাণ বর্তমানে ১ লাখ টাকা। আগে ছিল ২ লাখ টাকা। সোনার পরিমাণ আগেও ১৫ ভরি ছিল, এখনো তাই। তাঁর কৃষিজমির পরিমাণও একই রয়েছে। ইলেকট্রনিকসামগ্রীর মধ্যে গতবার তাঁর একটি মুঠোফোন ছিল। কিন্তু এবারের হলফনামায় মুঠোফোনের উল্লেখ নেই। তাঁর আসবাবে কোনো পরিবর্তন আসেনি। তিনি নির্বাচনে ব্যবসা থেকে পাওয়া ১ লাখ টাকা সম্ভাব্য ব্যয় ধরেছেন।
মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ব্যবসায় লাভ ও লোকসানের কারণে গত বছরের সঙ্গে সম্পদের পার্থক্য হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল কাইয়ুম এসএসসি পাস। গত নির্বাচনে তাঁর নগদ ২০ হাজার টাকা ছিল। এবার আছে ১ লাখ টাকা। ব্যবসা থেকে এ বছর বার্ষিক আয় ২ লাখ ২০ হাজার টাকা। গতবার ছিল ৩ লাখ টাকা। গতবার দোকানভাড়া ১ লাখ টাকা, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে ৫ লাখ ৫০ হাজার টাকা থাকলেও এবার এসব নেই। স্বর্ণালংকার আগে ছিল পাঁচ ভরি, এবার দুই ভরি। ব্যাংকে জমা অর্থ আগে ছিল ৩ লাখ টাকা, এবার ১০ লাখ টাকা। ইলেকট্রনিকসামগ্রী ও আসবাব যা ছিল তাই। বেড়েছে একটি মোটরসাইকেল। গতবার তাঁর মুঠোফোন না থাকলেও এবার একটি রয়েছে। গতবার যৌথ মালিকানায় ১০ একর কৃষিজমি ছিল। এবার নিজ নামে ২৫ দশমিক ৫ শতাংশ অকৃষিজমি রয়েছে। গতবার যৌথ মালিকানায় দালান দুটি ও নিজ নামে দুটি দোকান ছিল। এবার এসবের উল্লেখ নেই। তিনি নির্বাচনে সম্ভাব্য ব্যয় ধরেছেন ১ লাখ টাকা।
আবদুল কাইয়ুম বলেন, ‘টাকা ও সম্পদের পরিমাণ বাড়তে-কমতে পারে। টাকা দরকার হলে জমি বিক্রি করি। ব্যাংকে জমা রাখি। এ জন্যই পরিবর্তন।’
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সৈয়দ হোসেন ও আবদুল কাদির এবং বিএনপির বিদ্রোহী আনোয়ার আলী মৃধাও পেশায় ব্যবসায়ী। তাঁদের কারও বিরুদ্ধেই মামলা নেই।