কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী পৌর বিএনপির সভাপতি গোলাম মুহাম্মদ রাব্বানীর মনোনয়নপত্র বাতিল করার প্রতিবাদে গতকাল সোমবার কুমিল্লায় সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের কান্দিরপাড় দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম মুহাম্মদ রাব্বানীর মা বেগম মেহেরুন্নেছা হক অভিযোগ করে বলেন, ‘চৌদ্দগ্রামে আওয়ামী লীগ ও প্রশাসন ষড়যন্ত্র করে বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে। আমরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছি।’
বেগম মেহেরুন্নেছা হক আরও বলেন, গত ১ নভেম্বর রাব্বানীর ক্রেডিট কার্ডের ১৮ হাজার টাকা বকেয়া পরিশোধ করা হয়েছে। যা সংশ্লিষ্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংককে জানায়নি। বাংলাদেশ ব্যাংক ৩০ অক্টোবরের আগের প্রতিবেদন পেশ করে। ওই অজুহাতে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামাল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর, চৌদ্দগ্রাম পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ঋণখেলাপির কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রশাসন বিধি অনুযায়ী ওই মনোনয়নপত্র বাতিল করে।’
গত রোববার রিটার্নিং কর্মকর্তা দেবময় দেওয়ান বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ক্রেডিট কার্ডে গোলাম মুহাম্মদ রাব্বানীর ১৮ হাজার টাকা বকেয়া থাকায় ঋণখেলাপির অভিযোগ এনে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।