বিএনপির প্রার্থীর ১২ সমর্থকের বিরুদ্ধে 'বিদ্রোহী' প্রার্থীর মামলা
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও তাঁর সমর্থকদের পিটিয়ে আহত করার অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার রাতে বিএনপির মেয়র প্রার্থীর ১২ সমর্থকের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলাটি করেন বিদ্রোহী প্রার্থীর বাবা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এ কে এম ফয়জুল কবির তালুকদারের সমর্থকেরা গত সোমবার দুপুরে বিদ্রোহী প্রার্থী রুহুল আমীনের নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর এবং তাঁর সমর্থকদের মারধর করে আহত করেন। এ ঘটনায় রুহুল আমীনের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা বিএনপির সহসভাপতি আজিজুল কবির তালুকদারসহ বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।
বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী রুহুল আমীন বলেন, ‘অন্যায়ভাবে বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকেরা আমার ভাইকে পিটিয়ে আহত করে এবং আমার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করে।’
বিএনপির মেয়র প্রার্থী এ কে এম ফয়জুল কবির তালুকদার বলেন, ‘আমার সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর করেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার বলেন, ‘নির্বাচন থেকে সরাতে বিএনপির অপর প্রার্থী আমাদের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।’
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদুর রহমান জানান, বিএনপির প্রার্থীর বাবা বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
গত সোমবার পৌরসভার আরামনগর বাজার এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোতে ‘বিএনপির প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।