বিএনপির প্রার্থীরা বলছেন কারচুপি, আ. লীগের নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী দুটি পৌরসভার ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় ভোট নেওয়া শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত তা একটানা চলবে। দুটি পৌরসভায়ই বিএনপি দলীয় প্রার্থীরা কারচুপির অভিযোগ এনে ভোট স্থগিত করার দাবি জানিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বলেছেন, ভোট ভালো হচ্ছে। 

সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারী-পুরুষ ভোটাররা ভোটকেন্দ্রে যাচ্ছেন। বেলা ১১টার পর বৃষ্টি কমলে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রগুলোতে র‌্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি টহল ছিল। নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল ছিল।
বেলা সাড়ে ১১টায় আড়াইহাজার পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী পারভীন আক্তার রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিতভাবে অভিযোগ করেন, ৯টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। নৌকা মার্কার সমর্থকেরা প্রকাশ্যে সিল মেরেছেন।
কামরাঙ্গীরচর চর কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন নিজে নৌকা প্রতীকে সিল মেরেছেন। বিএনপির এজেন্টদের বের করে দিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট শুরুর আধা ঘণ্টার মধ্যেই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সিল মারা শুরু দিয়েছে। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা এসআই জামাল হোসেন তার সঙ্গে অশোভন আচরণ করেন। তিনি ৯টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত দাবি করেন। পুনরায় নির্বাচন চাচ্ছি।
বিএনপির প্রার্থী পারভীন আক্তারের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সুন্দর আলী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপির প্রার্থী মিথ্যা অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের জানান, বিএনপি দলীয় প্রার্থী পারভীন আক্তার লিখিত অভিযোগ করেছে। তাঁর অভিযোগ সঠিক নয়। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সুষ্ঠু ভোট নেওয়ার লক্ষ্যে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
গোপালদী পৌরসভা বিএনপি দলীয় প্রার্থী মুশফিকুর রহমান অভিযোগ করেছেন, তার ১১ ভোটকেন্দ্রের মধ্যে প্রত্যেকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী এম এ হালিম শিকদার বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির প্রার্থী মিথ্যা অভিযোগ করছে।
গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সফিকুর রহমান বলেন, তার কাছে কেউ কোনো অভিযোগ করেনি।
এ জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, নির্বাচন শতভাগ অবাধ ও সুষ্ঠু হচ্ছে। পুলিশের এসআই জামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি সঠিক নয় বলে তিনি বলেন, কোনো প্রার্থী একটি ভোট কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট সময়ের বেশি থাকতে পারে না। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হয়।
আড়াইহাজার হাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় সমর্থিত প্রার্থী সুন্দর আলী ও বিএনপি দলীয় মেয়র প্রার্থী পারভীন আক্তার। কাউন্সিলর পদে ৩৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন। এই পৌরসভার ভোটার সংখ্যা ২০ হাজার ৬শ’ ৭৮ জন ।
গোপালদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এম এ হালিম সিকদার ও বিএনপি দলীয় প্রার্থী মুশফিকুর রহমান। এই পৌরসভায় কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।