বিএনপির প্রার্থীরা বের হবেন না বাছাইয়ের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশন নির্বাচন
সিটি করপোরেশন নির্বাচন

মনোনয়নপত্র বাছাইয়ের আগ পর্যন্ত আত্মগোপন অবস্থান থেকে বের হওয়ার ঝুঁকি নেবেন না বিএনপি-সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। আগামীকাল ও পরশু মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ বা অবৈধ যাই হোক, তা নিশ্চিত হওয়ার পরই প্রার্থীরা জনসম্মুখে আসবেন। আর এই সময়টাতে দল বা জোটের একক কাউন্সিলর পদপ্রার্থী ঠিক করতে দুটি কমিটি করেছে বিএনপি।
দলের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের অন্তত আরও দু-তিন দিন আত্মগোপনে থাকতে বলা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষ হয়ে যাবে। প্রার্থিতা টিকছে কি না, তা দেখেই সম্ভাব্য প্রার্থীদের জামিন অথবা প্রয়োজনীয় আইনি প্রতিকারের জন্য আদালতের শরণাপন্ন হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকায় মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এমন চারজন প্রার্থী গতকাল প্রথম আলোকে বলেছেন, প্রার্থী বাছাইপর্ব শেষ না হওয়া পর্যন্ত তাঁরা প্রকাশ্যে বের হচ্ছেন না।
এর কারণ জানতে চাইলে একজন মেয়র পদপ্রার্থী প্রথম আলোকে বলেন, ‘সরকার নির্বাচনকে কীভাবে নিচ্ছে, তা প্রার্থী বাছাইপর্বে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সেখান থেকে আমরা একটা বার্তা পাব। এরপর আদালতের পর্ব। সেখানে আমরা কতটা প্রতিকার পাচ্ছি, তা-ও দেখার বিষয়। সব মিলিয়ে আমরা প্রার্থী হিসেবে আদালতের শরণাপন্ন হতে চাই।’
বিএনপির নেতারা বলছেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যেকোনো মূল্যে থাকতে চায় বিএনপি। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের নিয়ে দলের নীতিনির্ধারকেরা ভীষণ উদ্বিগ্ন। বিশেষ করে প্রার্থী ও নেতা-কর্মীদের নামে থাকা অসংখ্য মামলা দলের শীর্ষ নেতৃত্বকে ভাবাচ্ছে। এ জন্য মনোনয়নপত্র বাছাই পর্যন্ত একাধিক প্রার্থী রাখার কৌশলসহ আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকার দুই সিটিতে দলের নীতিনির্ধারকদের পছন্দের প্রার্থীরা হচ্ছেন আবদুল আউয়াল মিন্টু (উত্তর) ও মির্জা আব্বাস (দক্ষিণ)। তাঁদের নামে মামলা থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে তা বাধা হবে না বলে মনে করছেন নীতিনির্ধারকেরা।
দলীয় সূত্র জানায়, মামলা ও গ্রেপ্তার আতঙ্কের মধ্যে এখন কীভাবে নির্বাচনী প্রচারে নামবেন, তা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে। মেয়র বা কাউন্সিলরদের হয়ে যেসব নেতা-কর্মী কাজ করবেন, তাঁদেরও একটি বড় অংশ আত্মগোপনে রয়েছেন। এঁদেরও অনেকে মামলার আসামি। এ ছাড়া অনেক মামলা আছে, যেখানে আসামিদের একটি অংশ অজ্ঞাতনামা। যাঁদের নামে মামলা নেই, তাঁরাও ভয় পাচ্ছেন এসব মামলাকে।
গ্রেপ্তারের আশঙ্কায় বিএনপির একজন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান রিপন (ঢাকা দক্ষিণ) ছাড়া আর কেউ সশরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যাননি। অন্যদের মধ্যে নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু কারাগারে। এ ছাড়া মির্জা আব্বাস, এম এ সালাম, আবদুল আউয়াল মিন্টু—এঁরা সবাই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো ২০-দলীয় জোটের বিবৃতিতে বিষয়টির উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা দাপটের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিরোধী প্রার্থীদের বেলায় প্রচারণা চালানোর নিম্নতম সুযোগও দেওয়া হচ্ছে না। পাশাপাশি বিরোধী প্রার্থী ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি নির্বাচনী পরিবেশকে পক্ষপাতদুষ্ট ও আতঙ্কগ্রস্ত করে তুলেছে। বিবৃতিতে তিন সিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার ও নির্বাচন কমিশনের ‘যথাযথ উদ্যোগ’ আশা করছে বিএনপির জোট।
দলের নীতিনির্ধারণী ও আইনজীবী সূত্র জানায়, বাছাই প্রক্রিয়া শেষ না হওয়ায় দলের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের (যাঁদের নামে মামলা আছে) জামিনের জন্য হাইকোর্টে যেতে বারণ করা হয়েছে। ১৫ দিনের অবকাশকালীন ছুটি শেষে আগামী ১ এপ্রিল হাইকোর্ট খুলছে। দলের আইনজীবীরা ১ এপ্রিলের পর আদালতে যেতে পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া দলের সম্ভাব্য প্রার্থীদের কার নামে কতটা মামলা আছে এবং মামলাগুলো কী কী, তারও একটা হিসাব নিচ্ছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। এর জন্য সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ মামলার তথ্য দলের দায়িত্বশীল নেতাদের কাছে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, আগামী দুই-তিন দিন দলীয় সম্ভাব্য প্রার্থীদের সরিয়ে রাখা এবং মামলার হিসাব নেওয়ার পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৯৩টি ওয়ার্ডে জোটের কাউন্সিলর পদে প্রার্থিতাও চূড়ান্ত করে ফেলতে চায় বিএনপি। এ লক্ষ্যে ঢাকার দুই সিটিতে একক কাউন্সিলর পদপ্রার্থী ঠিক করার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (দক্ষিণ) ও বরকত উল্লাকে (উত্তর) প্রধান করে দুটি কমিটি করা হয়েছে। কোনো ওয়ার্ডে দুইয়ের অধিক প্রার্থী থাকলে ওই কমিটিকে প্রত্যেক ওয়ার্ডে জয়ের সম্ভাবনা আছে এমন দুজন উপযুক্ত প্রার্থীর নাম প্রস্তাব করতে বলা হবে। কমিটি কাজ শুরু করেছে বলে জানা গেছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে জোটের শরিকদের সঙ্গে সমন্বয় সাধনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ওয়ার্ডে শরিক দলের জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। এর জন্য ঢাকার দুই সিটির জন্য জামায়াতে ইসলামীর কাছে ইতিমধ্যে কাউন্সিলর পদে প্রার্থীর তালিকা চাওয়া হয়েছে।