বিএনপির বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‘আপনার বাবার যে পরিণতি হয়েছে, আপনারও তাই হবে’ বলে যে মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির নেতারা যে মন্তব্য করেছেন তা ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও অগণতান্ত্রিক স্বৈররাজনীতির বহিঃপ্রকাশ।’বিবৃতিতে সৈয়দ আশরাফ বলেন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধান থেকে সামরিক ফরমানের মাধ্যমে জারি করা অগণতান্ত্রিক সংশোধনীগুলো বাতিল করে সংবিধানকে গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সে কারণেই বিএনপির নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাঁরা এখন গণতন্ত্রের জন্য মায়াকান্না করছেন। অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় রাজনৈতিক মতাদর্শগত ও ভিন্ন মতাবলম্বী জনগোষ্ঠী সবচেয়ে বেশি দমন-পীড়নের শিকার হয়।বিচারক নিয়োগে অনিয়ম প্রসঙ্গে বিএনপির যে অভিযোগ তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ২০০১-০৫ পর্যন্ত সংবিধানের তোয়াক্কা না করে খালেদা জিয়া বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন, বিচার বিভাগকে দলীয়করণ করেছিলেন। আওয়ামী লীগের সরকার সংবিধান পরিপন্থী কিছু করেনি। সংবাদপত্র, সাংবাদিক, সাংবাদিকতা নিয়ে বিএনপির নেতারা কোনো মন্তব্য করার আগে অতীতের ঘটনাগুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, বিদেশি সাংবাদিকদের গ্রেপ্তার এবং সাংবাদিক হারুনুর রশিদ খোকন, হুমায়ূন কবীর বালু, দীপঙ্কর চক্রবর্তী, মানিক সাহা হত্যার ঘটনা চারদলীয় জোট সরকারের আমলেই ঘটেছিল। সে সময় পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠিসহ বহু এলাকায় বিএনপির সন্ত্রাসীদের অত্যাচারে সাংবাদিকেরা এলাকা ছাড়া হয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।