বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসে রাজধানীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে বিএনপি। বিকেল চারটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। বাদ্যযন্ত্র বাজিয়ে আর নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এ ছাড়া দিনব্যাপী নানা আয়োজনে সারা দেশে ৩৯তম বিজয় দিবস উদ্যাপন করেছে বিএনপি।শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। ঢাকার আশপাশের জেলা থেকেও ট্রাক মিছিল নিয়ে আসেন অনেকে। দলের নেতা-কর্মীরা দলীয়প্রধান খালেদা জিয়া, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তাঁদের বড় ছেলে তারেক রহমানের ছবিসংবলিত পোস্টার নিয়ে শোভাযাত্রায় যোগ দেন। শোভাযাত্রার সামনে ছিল বিশাল আকৃতির জাতীয় পতাকা, এরপর দলীয় পতাকা। সামনের সারিতে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি এবং নির্বাহী কমিটির সদস্যরা। রাজধানী ও আশপাশের জেলার কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই সরকার বিরোধী দলকে সহ্য করতে পারছে না। খালেদা জিয়ার নেতৃত্বে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর সকাল সাড়ে সাতটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে সরকার যে প্রক্রিয়ায় এই বিচার করছে, তা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। সেখান থেকে ফিরে খালেদা জিয়ার নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে ছয় দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। গত ১৩ ডিসেম্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।