নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র পদে বিএনপির বাছাই করা প্রার্থীকে প্রত্যাখ্যান করেছেন দলের পৌর ও উপজেলার নেতা-কর্মীরা। গত সোমবার রাতে দলের উপজেলা কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
নলডাঙ্গা পৌর বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আব্বাছ আলী। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আবদুল হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন ওয়ার্ড বিএনপির শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান তালুকদার বলেন, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত না নিয়ে গত ২৮ নভেম্বর রাতে জেলা বিএনপির কিছু নেতা নলডাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেনকে মেয়র পদে দলীয় সমর্থন দিয়েছেন। এটা নেতাদের ভুল সিদ্ধান্ত। কারণ, শুধু জাকির হোসেন ছাড়া তাঁর পরিবারের আর কেউ পৌরসভার ভোটার নন। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন। পৌর রাজনীতির সঙ্গে তাঁর সম্পর্ক নেই। সবার মতামত নিয়ে নতুন প্রার্থী বাছাই করার আহ্বান জানান আতিকুর রহমান।
সিরাজুল ইসলাম বলেন, ‘পৌর কমিটি ও ওয়ার্ড বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে জাকির হোসেনের মনোনয়ন প্রত্যাখ্যান করছি।’
হাবিবুর রহমান বলেন, ‘পৌর কমিটির সঙ্গে যোগাযোগ না করে জেলা কমিটি প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। আমরা এই প্রার্থীকে মানতে পারছি না। অবিলম্বে যোগ্য প্রার্থী মনোনীত করা হোক।’ আবুল কালাম আজাদ বলেন, বাছাই করা প্রার্থী পৌরসভার স্থায়ী বাসিন্দা নন। তাঁকে কেউ চেনেন না। এমন প্রার্থী নিয়ে নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়।
মেয়র পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র আব্বাছ আলী, জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আবদুল হাফিজ ও উপজেলা জাসাস সভাপতি সাঈফ মাহমুদ ওরফে সান্টু।