বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন মামলার কার্যক্রম এক আদালত থেকে স্থানান্তর করে অন্য আদালতে নেওয়ার প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। গতকাল রোববার সকালে উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার সময় সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে জয়নুল আবদিন ফারুক ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক, সাধারণ সম্পাদক ফারুক বাবুল, যুগ্ম সম্পাদক আবু ইউচুফ প্রমুখ বক্তৃতা করেন।
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক তাঁর বক্তৃতায় বলেন, সরকার জিয়ার পরিবারকে ধ্বংস করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যমূলকভাবে এক আদালত থেকে স্থানান্তর করে অন্য আদালতে নিয়েছে। কিন্তু সরকার যতই ষড়যন্ত্র করুক তাদের শেষ রক্ষা হবে না। এ দেশের মানুষ তাদের অচিরেই ক্ষমতা থেকে বিতাড়িত করবে।