কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপি গতকাল সোমবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ করেছে দলটি। বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া পুলিশের লাঠিপেটায় কয়েকজন কর্মী আহত হন।
রাজধানীতে কর্মসূচি পালিত হয় ঢাকা মহানগর বিএনপির তত্ত্বাবধানে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।
এদিকে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা এক বিবৃতিতে অবিলম্বে এই নেতাদের মুক্তির দাবি করেছেন।
দলীয় সূত্র জানায়, শাহ আলী থানা বিএনপির মিছিলটি ঈদগাহ মাঠের সামনে এলে পুলিশ হামলা চালায়। এতে দলের চার-পাঁচজন নেতা-কর্মী আহত হন এবং বিএনপির কর্মী টুটুল, আরমানকে গ্রেপ্তার করে পুলিশ। মিরপুর থানা বিএনপির মিছিলটি ২ নম্বর সেকশনের মসজিদ মার্কেটের সামনে থেকে শুরু হলে পুলিশ হামলা চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। আদাবর থানার মিছিলটি রিং রোডে এলে পুলিশ হামলা চালায়। হামলায় সাত-আটজন আহত হয় এবং বিএনপির নেতা মাসুম বাবুল, নাজির আহমেদ, আনসার আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া শ্যামপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, শাহবাগ, তেজগাঁও, বাড্ডা, রমনা, পল্টন, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, কলাবাগান, নিউমার্কেট, দক্ষিণখান থানা বিএনপিও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসব স্থানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়েছে।
বিভিন্ন উপজেলা, জেলা ও মহানগরেও এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।