বিএনপির বিক্ষোভ ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় বসে প্রতিবাদ সমাবেশ করেন। উপজেলা নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, হত্যা ও গুমের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে রওনা হন। মিছিলটি জেলা ডাকঘরের কাছাকাছি গেলে পুলিশি বাধার সন্মুখীন হয়। এ সময় মিছিলকারীরা সেখানে রাস্তায় বসে পড়েন এবং প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক মাহবুব আলমগীর এবং জেলা ছাত্রদলের সভাপতি নূরুল আমিন খান।
সমাবেশ শেষে পরে নেতারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি দেন।