বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মাগুরা ও ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। নারায়ণগঞ্জে পুলিশের বাধার মুখে রাস্তায় শুয়ে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। পরে তাঁরা শর্ত সাপেক্ষে মিছিল করেন। ফরিদপুরে ইটপাটকেল ও পুলিশের লাঠিপেটায় পুলিশের দুই সদস্য, দুজন গণমাধ্যমকর্মী এবং ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। মাগুরায় মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সাড়ে ১০টার দিকে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ শুরু করেন। সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক তরুণ বিশ্বাস বক্তব্য দেন। এরপর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া বক্তব্য দেওয়া শুরু করলে পুলিশের একটি দল সমাবেশস্থলের মাইক কেড়ে নেয়। এ ছাড়া লাঠিপেটা করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের ছবি তুলতে গিয়ে ইটের আঘাতে বেসরকারি মোহনা টিভির ফরিদপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম (৪২) এবং পুলিশের লাঠিপেটায় অনলাইন পত্রিকা বাংলা নিউজ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি রেজাউল করিম (২৬) আহত হন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া বলেন, পুলিশের লাঠিপেটায় শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাইদুর রহমান, যুবদল কর্মী রায়হান মৃধাসহ ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন।অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও ২০-২৫ জন অজ্ঞাতনামা নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।মাগুরা: শহরের চৌরঙ্গী মোড় এলাকায় দলীয় কার্যালয় থেকে সকালে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপি। কিন্তু পুলিশের বাধার কারণে এই চেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল সোয়া ১০টার দিকে সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভায়না মোড়ের দিকে যাওয়া সময় পুলিশ এতে লাঠিপেটা করে। এ সময় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় একই সময় পারনান্দুয়ালি এলাকা থেকে আরেকটি মিছিল বের করার চেষ্টা করা হয়। কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। জেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন বলেন, মো. জসিম উদ্দিন নামের তাঁদের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি সীতারামপুর গ্রামে। এ ছাড়া ঝিনাদহের সুমন হোসেন নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে। সুমন দলীয় কর্মী নয়, তিনি পরিস্থিতির শিকার।নারায়ণগঞ্জ: বেলা ১১টার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। শহর বিএনপির সহসভাপতি সুরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, নগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হলে পুলিশ ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে নেতা-কর্মীরা রাস্তায় শুয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দেয় পুলিশ। পরে সেখান থেকে মিছিলটি শহরের মণ্ডলপাড়ার দিকে চলে যায়।