বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে তিন পার্বত্য জেলা ও নোয়াখালীতে আয়োজিত বিএনপির মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। কোথাও কোথাও পুলিশ বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধনের জন্য জড়ো হলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয় ও লাঠিপেটা করে কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। জবাবে বিএনপির নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। 

খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু তালেব অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিপেটায় ১৫-১৬ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান লাঠিপেটার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, অনুমতি না থাকায় পুলিশ মানববন্ধনে বাধা দিয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে বান্দরবানেও জেলা বিএনপি মানববন্ধন করতে পারেনি। সকাল ১০টায় এই কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাঁদের ব্যানার কেড়ে নেয়।

জেল বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বলেন, তাঁরা কর্মসূচি পালন করতে বান্দরবান বাজারে জড়ো হওয়ার পর পুলিশ এসে বাধা দেয়।  ব্যানার কেড়ে নিয়ে নেতা-কর্মীদের লাঠিপেটাও করে। 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, বিএনপি সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর জন্য মানববন্ধন করতে চেয়েছিল। এ জন্য অনুমতি দেওয়া হয়নি। তবে কাউকে লাঠিপেটা করা হয়নি।

রাঙামাটিতেও বিএনপিকে মানববন্ধন করতে দেয়নি পুলিশ। গতকাল সকাল ১০টায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীরা মানববন্ধনের প্রস্তুতি নিলে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে এ কর্মসূচি না করার জন্য অনুরোধ করা হয়।  

নোয়াখালীতে বিএনপিকে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করতে দেয়নি পুলিশ। গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে শহরের প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।

পরে বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন না করেই ফিরে যান বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান।

এ প্রসঙ্গে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ উদ্দিন বলেন, বিএনপি মানববন্ধনের অনুমতি নেয়নি। তাই তাঁদের তা করতে দেওয়া হয়নি।

এদিকে গতকাল কক্সবাজারে জুমার নামাজ শেষে শহরের বাজারঘাটা এলাকায় মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।