বিএনপির বিদ্রোহ বশে, আ.লীগে অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী চৌধুরী গোলাম সারোয়ার গতকাল রোববার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এতে বিএনপি স্বস্তিতে ফিরে এলেও অস্বস্তিতে রয়ে গেছে আওয়ামী লীগ। এ দলে বিদ্রোহী প্রার্থী রয়েই গেছে।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী তহমিনা আখতার মোল্লা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, আবদুল হাকিম জিহাদী, মাহফুজুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম সোলায়মান আলী সরকার মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। কোনো কারণে প্রার্থিতা বাতিল হওয়ার আশঙ্কা থেকে বিএনপির মূল প্রার্থী মির্জা ফয়সল আমীনের পাশাপাশি জেলা বিএনপির সহসভাপতি চৌধুরী মো. গোলাম সারোয়ার স্বতন্ত্র প্রার্থী হন। এ নিয়ে গত ৫ ডিসেম্বর প্রথম আলোতে ‘দলীয় সিদ্ধান্তেই বিএনপির দুই প্রার্থী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
দলীয় সূত্র জানায়, কথা ছিল মির্জা ফয়সলের মনোনয়ন বৈধ হলে চৌধুরী মো. গোলাম সারোয়ার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দুজনেরই মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়। কিন্তু এরপর গোলাম সারোয়ার নিজেও ভোট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি প্রচারণাও চালিয়ে যেতে থাকেন। গোলাম সারোয়ারের প্রার্থিতা ঘোষণায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অস্বস্তি জন্ম নেয়। এ নিয়ে ৯ ডিসেম্বর প্রথম আলোতে ‘খাল কেটে কুমির এনেছে বিএনপি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ান গোলাম সারোয়ার।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান বলেন, প্রার্থিতা প্রত্যাহার করতে গোলাম সারোয়ারকে দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়। সে অনুরোধে সাড়া দিয়ে তিনি গতকাল মেয়র পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি প্রার্থিতা প্রত্যাহার করায় ঠাকুরগাঁওয়ে মেয়র পদে বিএনপির প্রার্থীর জয় সুনিশ্চিত হলো।
প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কে গোলাম সারোয়ার বলেন, ‘আমি মনেপ্রাণে জিয়ার সৈনিক। সব সময় জিয়ার আদর্শেই থাকতে চাই। আমার কোনো সিদ্ধান্তের কারণে বিএনপির ক্ষতি হোক চাইনি বলেই মেয়র প্রার্থী থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি।’
অন্যদিকে, দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম সোলায়মান আলী সরকার স্বতন্ত্র মেয়র প্রার্থী হন।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, গত শনিবার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মির্জা রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তিন সহসভাপতি আবদুল মান্নান, মাহবুবুর রহমান, মকবুল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেলসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা সোলায়মান আলীর সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। বৈঠকের বিষয়টি আ স ম গোলাম ফারুক রুবেল নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বলেন, ‘দলের প্রার্থী বাছাইয়ে জনমত যাচাই করা হয়নি। জনমত যাচাই করলে আমিই মনোনয়ন পেতাম। আমার প্রতি অবিচার করা হয়েছে বলে প্রার্থী প্রত্যাহারের অনুরোধ করার পরও প্রত্যাহার করিনি। একমাত্র দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেই নির্বাচন থেকে সরে দাঁড়াব।’
আওয়ামী লীগের প্রার্থী তহমিনা আখতার মোল্লা বলেন, ‘বিদ্রোহী প্রার্থী মাঠে থাকলেও অস্বস্তির কোনো কারণ নেই।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন বলেন, ‘বিদ্রোহী প্রার্থী থাকলেও আমরা সেটিকে খুব বড় সমস্যা মনে করছি না।’