বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার, আ.লীগের দুই প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আদেশে গত সোমবার তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

বিদ্রোহী প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় আদিবাসীবিষয়ক সম্পাদক মাম্যাচিং মারমা বলেছেন, জাহাঙ্গীর আলম বিদ্রোহী প্রার্থী নন। তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হলেও এ মুহূর্তে নির্বাচন থেকে তাঁর পেছনে ফেরার কোনো উপায় নেই।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল্লাহ ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চোচো মং মারমাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় জেলা বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী বলেছেন, জাহাঙ্গীরকে শুধু বহিষ্কার নয়, তাঁকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হতে পারে। তাঁর পক্ষে যাঁরা কাজ করছেন, তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্যও চিন্তাভাবনা করা হচ্ছে।

 বান্দরবান জেলা বিএনপি দীর্ঘদিন ধরে বোমাং রাজপরিবারের মামি-ভাগনে সম্পর্কের মাম্যাচিং (মামি) ও সাচিংপ্রু জেরীকে নিয়ে দ্বিধাবিভক্ত। বান্দরবান সদর উপজেলায় জেরী অংশের আবদুল কুদ্দুস (বর্তমান চেয়ারম্যান) ও মাম্যাচিং অংশের জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 মাম্যাচিং-মশিউর রহমান মিটন গ্রুপের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, প্রতিদিন তাঁকে বহিষ্কারের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাঁকে কেন্দ্র থেকে এ ব্যাপারে কোনো কিছু বলা হয়নি।

 নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল বলেছেন, উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল্লাহ ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চোচো মং মারমা জেলা পরিষদের একজন প্রভাবশালী নেতার সঙ্গে সরকারি সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁদের দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করার জন্য সতর্ক করা হয়েছে।

 আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল্লাহ জরিমানার কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি চোচো মং মারমা মুকাবিলা করেছেন। তাই এ ব্যাপারে তিনি বিস্তারিত জানেন না। তবে চোচো মং মারমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।