বিএনপির বিদ্রোহীর পক্ষে সংস্কারপন্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিএনপির ‘সংস্কারপন্থী’ নেতা বগুড়া-৫ আসনের সাবেক সাংসদ গোলাম মোহামঞ্চদ সিরাজ। তিনি গতকাল শুক্রবার বিকেলে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহজাহান আলীর পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে নিজের অবস্থান সবার কাছে স্পষ্ট করে তোলেন।
বিএনপির স্থানীয় দলীয় সূত্র জানায়, ১৯ ফেব্রুয়ারি ধুনট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলমকে ১৯-দলীয় জোটের সমর্থন দেওয়া হয়। কিন্তু দলের এ সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহজাহান আলী চেয়ারম্যান পদপ্রার্থী হন।
উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন বলেন, ‘শাহজাহান আলী বিগত উপজেলা নির্বাচনেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন। এ জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি এলাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে লড়েন। এতে দলীয় প্রার্থী ও তিনি নিজেও পরাজিত হন। এবার উপজেলা নির্বাচনেও তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।’
শাহজাহান আলীর নির্বাচনী সমাবেশে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘দলের বিপক্ষে নয়, দলকে বাঁচাতে আমরা কাজ করছি। বর্তমান নেতৃত্ব প্রার্থী নির্ধারণে ভুল করেছেন।’ তিনি আরও বলেন, ‘দলীয় মনোনয়নের জন্য সাত সদস্য নিয়ে গঠিত বোর্ডের ছয়জনই শাহজাহান আলীকে সমর্থন দিয়েছেন। শুধু একজনের জন্য শেরপুর-ধুনট নির্বাচনে প্রার্থী নির্ধারণে ভুল হয়েছে। আজ দলের ক্রান্তিকালে দলকে বাঁচাতে শাহজাহান আলী প্রার্থী হয়েছেন।’
বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা বলেন, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সিরাজ বর্তমানে দলীয় কোনো পদে নেই। এ জন্য তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্থানীয় কমিটিগুলোর নেই। তবে তাঁর বিতর্কিত কর্মকাণ্ডের কথা জেলা ও কেন্দ্রকে জানানো হয়েছে। উপজেলা বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, এক-এগারোর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিতর্কিত উক্তি করেন।