বিএনপির বিভক্তির ছাপ নির্বাচনেও
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির দুই কমিটি আলাদাভাবে প্রার্থী দিয়েছে। দুই পক্ষই নিজেদের কমিটিকে বৈধ দাবি করেনির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে। তবে আলাদাভাবে প্রার্থী দেওয়ায় দলটির কর্মী ও সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিভ্রান্তিতে পড়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ জানুয়ারি এস এম রেজাউল ইসলামকে সভাপতি ও এমদাদুল হককে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এ কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তছলিম উদ্দিনকে সভাপতি ও আবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি গঠন করা হয়। তখন থেকে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা এ দুই কমিটির অধীনে বিভক্ত হয়ে পড়েন। এর পর থেকে তাঁরা আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছেন।
দলীয় সূত্রে জানা আরও জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে দুই পক্ষ আলাদাভাবে প্রার্থী দিয়েছে। একাংশের সভাপতি তছলিম উদ্দিন তাঁর পক্ষের প্রার্থী হিসেবে উপজেলা কমিটির সাবেক সভাপতি মাহামুদুর রহমানকে সমর্থন দিয়েছেন। অপর অংশ সভাপতি রেজাউল ইসলামকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার তাঁরা সভা করে এ সিদ্ধান্ত নেন। মনোনয়নপত্র দাখিলের পর থেকে উভয় পক্ষের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন।
মাহামুদুর রহমান দাবি করেন, তফসিল ঘোষণার পর থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। তাঁর পক্ষে স্থানীয় বিএনপির বড় অংশ ছাড়াও সাধারণ ভোটাররা রয়েছেন। এ পক্ষের সভাপতি আলাদাভাবে প্রার্থী দেওয়া ও সাংগঠনিক কর্মসূচি পালনের কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাঁদের কমিটিই বৈধ। তবে রেজাউল ইসলাম জানান, দল তাঁকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। এ জন্য তিনি প্রচারণা চালাচ্ছেন।
এমদাদুল হক দাবি করেন, তাঁদের কমিটি বৈধ ও অনুমোদিত। আলাদাভাবে প্রার্থী দেওয়া ও দলীয় কর্মসূচি পালনের কথা তিনিও শিকার করেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘দল থেকে এককভাবে প্রার্থী দেওয়া হয়নি। আমরা দুই পক্ষের নেতা-কর্মীদের নিয়ে বসে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছি।’