বিএনপির বিরুদ্ধে পুলিশ ও আ.লীগের দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা সড়ক সেতুর টোলের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) কার্যালয় চত্বরে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।ছয় পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে আহত করার অভিযোগ এনে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সদর থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলাটি দায়ের করেন সদর থানার এসআই মো. জিয়াউল হক। এ মামলায় লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি ও ঠিকাদার মো. আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ খানসহ ২৪ জনের নাম-পরিচয় উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে। সদর থানায় দায়ের করা অপর মামলায় জেলা আ.লীগের প্রচার সম্পাদক ‘মেসার্স জহুরুল হক মামুন’ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের তিস্তা সড়ক সেতুর টোল আদায়ের দরপত্রের শিডিউল এবং সঙ্গে থাকা ২০ লাখ টাকার বিডি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় জেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ঠিকাদার রফিকুল ইসলামকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করার অভিযোগ আনা হয়েছে। এ মামলায়ও জেলা যুবদলের সভাপতি ও ঠিকাদার মো. আফজাল হোসেনসহ ২২ জনের নাম-পরিচয় উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন দুটি মামলার কথা স্বীকার করে বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।