বিএনপির ভবিষ্যৎ নেই: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, ‘বিএনপি রাজনীতিতে নেই, তাদের ভবিষ্যৎও নেই৷ উই উইল রিপ্লেস বিএনপি ভেরি সুন (আমরা খুব শিগগির বিএনপির স্থান দখল করব)৷’
গতকাল সোমবার দুপুরে রাজধানীর বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এ দাবি করেন৷ তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যা করেছেন মঞ্জুর৷ তাঁকে হেয় করার জন্য ওই মামলা করা হয়। এ মামলার পুরোটাই দুরভিসন্ধিমূলক।
১০ মে দলীয় এক সভায় এরশাদ বলেছিলেন, ‘আমি জানি, দেশবাসী জানে, জিয়ার খুনি কে? জিয়ার পাশের কক্ষে কে ছিলেন। তাঁর সঙ্গে তিনি (খালেদা জিয়া) ২০ বছর রাজনীতি করেছেন, কিন্তু বিচার করেননি।’ পরদিন এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এরশাদকে ‘সহজাত মিথ্যাবাদী’ বলেন।
বিষয়টি উল্লেখ করে গতকাল এরশাদ বলেন, ‘আমি আমার বক্তব্যে কারও নাম উল্লেখ করিনি। তিনি কেন এটাকে ব্যক্তিগতভাবে নিলেন জানি না। আমি শুধু বলতে চেয়েছি, জিয়া হত্যাকাণ্ডের ১৪ বছর নয় মাস পর কেন মামলা দায়ের করা হলো? কেন এর আগে বিচার করা হলো না?’
এর আগে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের আহ্বায়ক মোড়ল জিয়াউর রহমান, সদস্যসচিব সাদিকুর রহমান তালুকদারসহ উল্লেখযোগ্যসংখ্যক নেতা এরশাদের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন। এ সময় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, দলের ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল হামিদ ভাসানী প্রমুখ উপস্থিত ছিলেন।