নোয়াখালীর চাটখিল পৌরসভায় গত চারটি নির্বাচনে দুবার আওয়ামী লীগ ও দুবার বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সর্বশেষ মেয়র পদে উপনির্বাচনে জয়ী হন বিএনপির প্রার্থী মোস্তফা কামাল। তিনি এর আগেও একবার এই পৌরসভায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এবারের নির্বাচনে বিএনপির লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। অপর দিকে হারানো মুকুট ফিরে পেতে চায় আওয়ামী লীগ। প্রচারণায়ও আটঘাট বেঁধে নেমেছেন দলের নেতা-কর্মীরা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার মেয়র পদে দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক বেলায়েত হোসেন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তবে বেলায়েত হোসেনের স্ত্রী ফজিলাতুন নেছা এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে রয়ে গেছেন।
জানতে চাইলে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে ফজিলাতুন নেছা প্রথম আলোকে বলেন, তাঁর নির্বাচন করার ইচ্ছা আছে। প্রার্থিতা প্রত্যাহার করা নিয়ে তাঁর স্বামী বেলায়েত হোসেন তাঁকে কিছু বলেননি।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গতকাল রাতে বলেন, বুধবার দলের বর্ধিত সভায় স্থানীয় সাংসদ স্বতন্ত্র প্রার্থী হওয়া দুজনকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলেছেন।
নির্বাচন নিয়ে আওয়ামী লীগে এমন তোড়জোড় থাকলেও ঠিক বিপরীত চিত্র বিএনপিতে। বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র মোস্তফা কামালের কথায়ও বিষয়টি স্পষ্ট। তিনি ভরসা করে আছেন দলের নির্বাচনী প্রতীক ‘ধানের শীষের’ ওপর।
গতকার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ফতেহপুর এলাকার চুয়ানী মার্কেটের একটি ওষুধের দোকানে বসে আড্ডা দিতে দেখা যায় বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র মো. মোস্তফা কামালকে। প্রথম আলোর প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের প্রচার এখনো তিনি সেভাবে শুরু করেননি। ভোট নিয়ে ভোটারদের মধ্যে অজানা এক আতঙ্ক কাজ করছে বলে দাবি করেন তিনি।
বিএনপির মেয়র পদপ্রার্থীর দাবি, চাটখিল উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এবার যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। একই মত উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনেরও। গতকাল রাতে প্রথম আলোকে তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তাঁরা। কয়েক দিনের মধ্যেই তাঁরা নেতা-কর্মীদের নিয়ে মাঠে নামবেন নির্বাচনী প্রচারণায়।
অপর দিকে আওয়ামী লীগের নেতারা বলছেন, প্রচারণার সুবিধার্থে ২৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করেছেন তাঁরা। গতকাল বৈঠক করে ওই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্ড ও কেন্দ্র কমিটি গঠনের। গতকাল দুপুরে কয়েক শ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী চাটখিল বাজারে গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
প্রচারণার বিষয়ে মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী প্রথম আলোকে বলেন, প্রচারণায় কোনো ঘাটতি তাঁরা রাখবেন না। তিনি নিজেই সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন। প্রয়োজনে এক বাড়িতে একাধিকবার যাবেন, যাতে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে চাটখিলে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। গত সাত বছরে চাটখিলে যে উন্নয়ন হয়েছে, তার মূল্যায়ন করলে ভোটারদের নৌকা ছাড়া অন্য প্রতীকে ভোট দেওয়ার কথা নয়।