পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়নি। দেশের বড় দুটি দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে। এতে কেউ হারেনি। গণতন্ত্রের জয় হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের জিরো পয়েন্টে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বিএনপির ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, তারা বয়কটের কালচার থেকে সরে এসেছে। এ ধারা বজায় রাখলে বিএনপি লাভবান হবে। পৌর নির্বাচনের ফলাফলের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশ নিলে বিএনপিকে এত হতাশ হতে হতো না। মন্ত্রীর আশাবাদ, পৌর নির্বাচনের ইতিবাচক ধারা বজায় রেখে বিএনপি আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবে।
সেতুমন্ত্রী বলেন, পৌর নির্বাচনে রক্তপাত ও সংঘাতের অনেক আশঙ্কা ছিল। কিন্তু তা হয়নি। গত তিনটি নির্দলীয় নির্বাচনের চেয়ে এবার সংঘাত অনেক কম হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৯২ কিলোমিটারের মধ্যে ১৮৪ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ছয় লেন ফ্লাইওভারের দুই কিলোমিটারের কাজ সেনাবাহিনী করছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। ১৪৫টি কালভার্টের মধ্যে ১৪৩টির কাজ শেষ হয়েছে, দুটির কাজ শেষ পর্যায়ে রয়েছে।