দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলায় বিএনপির ভরাডুবি হয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতায় না থাকায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে সৃষ্ট হতাশা এ ভরাডুবির কারণ বলে মনে করছেন নেতা-কর্মীরা।
বিএনপির দলীয় ও দুই উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গৌরীপুরের ১০টি ইউনিয়নের মধ্যে একমাত্র মইলাকান্দা ইউপিতে জয় পেয়েছে বিএনপি। তারাকান্দায় ১০টি ইউপির কোনোটিতে জয় পায়নি বিএনপি।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তৃণমূল নেতা-কর্মীরা মনে করছেন, দীর্ঘদিন ধরে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না থাকায় তৃণমূলে তৈরি হয়েছে হতাশা। তৃণমূলের ধারণা, কেন্দ্রীয়ভাবে বিএনপির রাজনীতি অনেকটা স্তিমিত। এটাই তৃণমূলে প্রভাব ফেলছে।
সেই হতাশা থেকে গৌরীপুর ও তারাকান্দায় নির্বাচনের মাঠে খুব বেশি সক্রিয় ছিলেন না বিএনপির কর্মীরা। সেই সঙ্গে অনেক নেতা-কর্মী মামলার ভয়ে মাঠে নামতে চাননি। তারাকান্দা উপজেলার কয়েকটি ইউনিয়নে বিএনপির তৃণমূলের কর্মীরা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছে বলেও স্বীকার করেছে বিএনপি।
গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রিয়াদুজ্জামান বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। উপজেলার গৌরীপুর, বোকাইনগর, ডৌহাখলা ও ভাংনামারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় নির্বাচনের শুরুতে ওই ইউনিয়নগুলোতে বিএনপি জয়ের ব্যাপারে আশাবাদী ছিল। ডৌহাখলা, ভাংনামারী ও বোকাইনগরে বর্তমান চেয়ারম্যানরা ছিলেন বিএনপি-সমর্থিত।
তারাকান্দা উপজেলার দশটি ইউপির পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী ও চারটিতে দলের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। এ উপজেলায় মনোনয়ন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। ফুলপুর-তারাকান্দা আসনের বিএনপির সাবেক সাংসদ শাহ শহীদ সারোয়ার এবং তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এখানে মনোনয়ন চূড়ান্ত করেন। তিনটি ইউপিতে মনোনয়ন নিয়ে ওই দুজন একমত ছিলেন। বাকি সাতটি ইউপির প্রার্থী নিয়ে সমন্বয়হীনতা ছিল। উপজেলার কাকনি ইউনিয়নে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল কুদ্দুছ আগেরবার বিএনপির সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন। অভিযোগ রয়েছে, ২০১৩ সাল থেকে তিনি অনেকটা আওয়ামী লীগ ঘরানার হয়ে যান। তবু তিনি এবার বিএনপির মনোনয়ন পান। এ কারণে তাঁর পরাজয় হয়েছে বলে মনে করেন তৃণমূলের কর্মীরা।
জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় না আসায় তৃণমূলে হতাশার সৃষ্টি হয়েছে। এটা না মেনে উপায় নেই। তবে আমাদের মনোনয়নেও কিছু ভুল ছিল।’ আবদুল কুদ্দুছের বিষয়ে তিনি বলেন, তাঁকে মনোনয়ন দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। কোনো কোনো ইউপিতে বিএনপির কর্মীরা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন বলেও অভিযোগ রয়েছে।
শাহ শহীদ সারোয়ার কর্মীদের হতাশার বিষয়টি স্বীকার করে বলেন, এ হতাশা ক্ষমতায় না আসার জন্য নাকি নির্বাচনের কাজ করলে লাশ হতে হয় তার জন্য—সেটা চিন্তার বিষয়।