বিএনপির ভাইস চেয়ারম্যান রাজিয়া ফয়েজের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রাজিয়া ফয়েজ
বেগম রাজিয়া ফয়েজ

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাজিয়া ফয়েজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বিকেল চারটা ১০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শোকবার্তায় তিনি বলেন, তাঁর মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, সজ্জন ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারাল, যার শূন্যস্থান পূরণ হবার নয়। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রাজিয়া ফয়েজের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

সৈয়দা রাজিয়া ফয়েজ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, অনন্য বাগ্মী ও কোলকাতা সিটি করপোরেশনের সাবেক মেয়র সৈয়দ বদরুদ্দোজা সাহেবের কন্যা ও এরশাদ সরকারের সাবেক মন্ত্রী ছিলেন। রাজিয়া ফয়েজের পারিবারিক সূত্রে জানা গেছে, গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে আজই তাঁর মরদেহ দাফন করা হবে।